ভয়াবহ ঝড় ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত ইতালির চারটি অঞ্চলে ১২ মাসের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার। বৃহস্পতিবার রাতে রোমের পালাজো চিগি-তে অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ক্ষতিগ্রস্ত আব্রুজ্জো, বাসিলিকাটা, মোলিসে এবং পুগলিয়া অঞ্চলের প্রাথমিক উদ্ধারকাজ ও জরুরি সহায়তার জন্য ইতালির জাতীয় তহবিল থেকে ৫০ মিলিয়ন ইউরো (প্রায় ৬৫০ কোটি টাকা) বরাদ্দ দেওয়া হয়েছে।
ইতালির নাগরিক সুরক্ষা মন্ত্রী নেলো মুসুমেচি জানিয়েছেন, এই প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মোলিসে অঞ্চল, যার জন্য একাই ২০ মিলিয়ন ইউরো বরাদ্দ দেওয়া হয়েছে। ভারী বৃষ্টির ফলে এই অঞ্চলের পেটাচিয়াটো এলাকায় বিশাল ভূমিধসের ঘটনা ঘটেছে, যার প্রভাবে এ-১৪ মোটরওয়ে এবং ১৬ নম্বর স্টেট রোডসহ গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এছাড়া অ্যাড্রিয়াটিক রেললাইনে ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হয়েছেন। মোলিসে অঞ্চলের পুনর্গঠন কাজের তদারকির জন্য প্রকৌশলী স্তেফানো বাবিনিকে বিশেষ কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই জরুরি তহবিলের অর্থ মূলত ক্ষতিগ্রস্তদের প্রাথমিক সহায়তা প্রদান, ভেঙে পড়া ঘরবাড়ি ও জনপরিষেবা পুনরায় সচল করা এবং বিধ্বস্ত অবকাঠামো মেরামতের কাজে ব্যয় করা হবে। আব্রুজ্জোর জন্য ১৫ মিলিয়ন, পুগলিয়ার জন্য ১০ মিলিয়ন এবং বাসিলিকাটার জন্য ৫ মিলিয়ন ইউরো বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। নাগরিক সুরক্ষা বিভাগের প্রধান বর্তমানে আঞ্চলিক কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে ত্রাণ ও পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করছেন।


