ইতালীয় কর্তৃপক্ষের সঙ্গে দিনভর তীব্র বিরোধ ও উত্তেজনার পর অবশেষে সিসিলির ত্রাপানি বন্দরে নামার অনুমতি পেয়েছে মানবিক উদ্ধারকারী জাহাজ ‘সি-ওয়াচ ৫’। বুধবার বিকালে জাহাজটি ৫৭ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে বন্দরে ভিড়েছে। মূলত জাহাজে থাকা ব্যক্তিদের জরুরি চিকিৎসার প্রয়োজনীয়তা এবং শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় শেষ পর্যন্ত ইতালীয় কর্তৃপক্ষ তাদের নামানোর অনুমতি দিতে বাধ্য হয়।
জার্মান মানবিক সংস্থা ‘সি-ওয়াচ’-এর দেওয়া তথ্য অনুযায়ী, ভূমধ্যসাগর থেকে ৯০ জনেরও বেশি মানুষকে উদ্ধারের পর গত চার দিন ধরে জাহাজটি সমুদ্রের প্রতিকূল আবহাওয়ার মধ্যে আটকা পড়ে ছিল। ইতালীয় কর্তৃপক্ষ শুরুতে তাদের ১,১০০ কিলোমিটার দূরের তুসকানিতে অবস্থিত ‘মারিনা ডি কারারা’ বন্দরে যাওয়ার নির্দেশ দেয়। কিন্তু সি-ওয়াচ এই নির্দেশকে ‘অমানবিক’ এবং ‘রাষ্ট্রীয় নির্যাতন’ হিসেবে অভিহিত করে তা প্রত্যাখ্যান করে। সংস্থাটির মুখপাত্র জানান, উদ্ধারকৃতদের মধ্যে অনেকেই জ্বালানি তেলে দগ্ধ হয়ে এবং শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। এমনকি জাহাজে একজন গর্ভবতী নারীও ছিলেন।
এর আগে গত ১৬ মার্চ ইতালীয় কোস্টগার্ড অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় থাকা ৯ জন ব্যক্তিকে (যাদের মধ্যে পাঁচজন নারী ও চারজন শিশু ছিল) ল্যাম্পেডুসা দ্বীপে সরিয়ে নিয়েছিল। বাকি ৫৭ জনের অবস্থা শোচনীয় হয়ে পড়লে সি-ওয়াচ ‘জরুরি অবস্থা’ ঘোষণা করে ত্রাপানি বন্দরের দিকে রওনা দেয়। যদিও এই অবাধ্যতার কারণে জাহাজটিকে প্রশাসনিক জরিমানা বা আটকের সম্মুখীন হতে হতে পারে, তবে সংস্থাটি জানিয়েছে, মানুষের জীবন বাঁচানোই ছিল তাদের প্রধান অগ্রাধিকার।


