পর্তুগালে বসবাসরত অভিবাসীদের রেসিডেন্স পারমিট বা বসবাসের অনুমতিপত্র নবায়ন নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে বিশেষ পদক্ষেপ নিয়েছে দেশটির ইমিগ্রেশন সংস্থা। বর্তমানের দীর্ঘসূত্রতা ও আবেদনের জট বিবেচনায় নিয়ে অস্থায়ীভাবে রিনিউয়াল সার্টিফিকেটের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে সংস্থাটি। এই সিদ্ধান্তের ফলে হাজারো প্রবাসী অভিবাসী, বিশেষ করে বাংলাদেশি কমিউনিটির মধ্যে বড় ধরনের স্বস্তি ফিরে এসেছে।
এআইএমএ-এর নতুন নির্দেশনা অনুযায়ী, যেসব সার্টিফিকেটের মেয়াদ আগামী ১৫ এপ্রিলের মধ্যে শেষ হওয়ার কথা ছিল, সেগুলোর বৈধতা অতিরিক্ত আরও ৬০ দিন বাড়ানো হয়েছে। এই সুবিধা মূলত তারাই পাবেন যাদের রেসিডেন্স ডকুমেন্টের মেয়াদ ৩০ জুন ২০২৫-এ শেষ হয়েছে এবং যারা ইতিমধ্যে নবায়নের জন্য আবেদন জমা দিয়েছেন। আবেদন প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত এই সার্টিফিকেটগুলো বারবার নবায়ন করা যাবে।
সংস্থাটি জানিয়েছে, আবেদনকারীদের নিরাপত্তার খাতিরে সবসময় রিনিউয়াল সার্টিফিকেটের একটি প্রিন্টেড কপি সঙ্গে রাখতে হবে। যাদের আবেদন ইতিমধ্যে অনুমোদিত হয়েছে, তারা ‘এপ্রুভাল সার্টিফিকেট’ ব্যবহার করতে পারবেন, যা মূল রেসিডেন্স পারমিটের সমতুল্য আইনি বৈধতা বহন করবে। এছাড়া নতুন অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদনকারীরা কিউআর কোড ব্যবহার করে তাদের সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। অভিবাসন সংক্রান্ত আবেদনের জট পুরোপুরি না কাটা পর্যন্ত এই অস্থায়ী ব্যবস্থা কার্যকর থাকবে বলে জানিয়েছে আইমা।


