ইউরোপের অন্যতম সেরা বিমানবন্দরের তালিকায় স্থান করে নিয়েছে পর্তুগালের হুমবের্তু দেলগাদু বিমানবন্দর (লিসবন এয়ারপোর্ট)। সাম্প্রতিক এক মূল্যায়নে এর পরিচালনাগত সক্ষমতার পাশাপাশি ভৌগোলিক অবস্থান ও আন্তমহাদেশীয় সংযোগকে বড় শক্তি হিসেবে তুলে ধরা হয়েছে।
লিসবন বিমানবন্দর পর্তুগালের প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার। একই সঙ্গে এটি ইউরোপের সঙ্গে অন্যান্য মহাদেশের ফ্লাইট সংযোগের একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট হাব হিসেবে ব্যবহৃত হচ্ছে। বিশেষ করে ব্রাজিলসহ পর্তুগিজ ভাষাভাষী দেশ অ্যাঙ্গোলা ও মোজাম্বিকের সঙ্গে আটলান্টিক রুটে এই বিমানবন্দরের ভূমিকা উল্লেখযোগ্য।
শহরের কেন্দ্র থেকে মাত্র সাত কিলোমিটার দূরে অবস্থিত এই বিমানবন্দরে রয়েছে দুটি টার্মিনাল। এর মধ্যে টার্মিনাল–১ মূলত আন্তর্জাতিক ও নিয়মিত ফ্লাইট পরিচালনার জন্য ব্যবহৃত হয়, আর টার্মিনাল–২ ব্যবহৃত হয় স্বল্পমূল্যের (লো–কস্ট) এয়ারলাইনগুলোর জন্য।
র্যাংকিংয়ে বলা হয়েছে, ইউরোপ, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার মধ্যে সংযোগ স্থাপনে লিসবনের কৌশলগত অবস্থান বড় সুবিধা তৈরি করেছে। ফলে নতুন বাজারের সঙ্গে যোগাযোগের সম্ভাবনাও বাড়ছে।
যাত্রীসংখ্যায় নতুন মাইলফলক
কোভিড–১৯ মহামারির ধাক্কা কাটিয়ে যাত্রীসংখ্যায় দ্রুত ঘুরে দাঁড়িয়েছে লিসবন বিমানবন্দর। মহামারির আগে ২০১৯ সালে যেখানে যাত্রীসংখ্যা ছিল প্রায় ৩১ মিলিয়ন, সেখানে ২০২৪ সালের প্রাথমিক হিসাবে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ মিলিয়নের বেশি।
বিশেষজ্ঞদের মতে, ভৌগোলিক অবস্থান, ট্রানজিট সুবিধা এবং আন্তমহাদেশীয় ফ্লাইট নেটওয়ার্ক শক্তিশালী হওয়ায় আগামী বছরগুলোতেও এই প্রবৃদ্ধি অব্যাহত থাকতে পারে।


