পর্তুগালের লোরোসায় অবস্থিত প্রখ্যাত ব্যাগ ও জুতার ব্র্যান্ড ‘কাভালিনহো’-এর একটি শোরুমে টানা তিন রাত ধরে চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার ভোর ৩টা ১০ মিনিটের দিকে তৃতীয়বারের মতো চুরির চেষ্টার সময় মুখোশধারী তিন দুর্বৃত্তকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পর্তুগিজ পুলিশ (জিএন আর)। শোরুমের মালিক ম্যানুয়েল জাসিন্তো জানিয়েছেন, গত তিন দিনের এই ধারাবাহিক লুটপাটে তাদের প্রায় ১৫,০০০ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ লক্ষ টাকা) সমমূল্যের ক্ষয়ক্ষতি হয়েছে।
তদন্তকারী কর্মকর্তাদের মতে, চোরেরা অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই অভিযান চালায়। তারা প্রথমে স্ক্রু-ড্রাইভার দিয়ে শোরুমের দরজা খোলার চেষ্টা করে ব্যর্থ হয়। পরবর্তীতে কুঠার ব্যবহার করে শোরুমের কাঁচের দরজা ও ডিসপ্লে ভেঙে ভেতরে প্রবেশ করে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মাত্র ২০ সেকেন্ডের ব্যবধানে তারা ২০টিরও বেশি দামী ব্যাগ, জুতা এবং অন্যান্য সামগ্রী নিয়ে চম্পট দেয়। পালানোর জন্য তারা তিন দিন আগে চুরি হওয়া একটি গাড়ি ব্যবহার করছিল, যা নিয়ে ইতিপূর্বেই থানায় ডায়েরি করা হয়েছিল।
শুক্রবার ভোরে শোরুমের অ্যালার্ম বাজার সাথে সাথেই পর্তুগিজ পুলিশ সক্রিয় হয়ে ওঠে। একটি বিশেষ দল গঠন করে ধাওয়া করার পর পুলিশ তিন সন্দেহভাজনকে আটক করতে সক্ষম হয়। আটকের সময় তাদের কাছ থেকে শোরুম থেকে চুরি করা বেশ কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে, আগের দুই রাতের চুরির পেছনেও এই একই চক্র জড়িত ছিল।
গ্রেপ্তারকৃত তিন জন বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে চুরিসহ বিভিন্ন অপরাধে মামলা দায়ের করা হয়েছে।


