ফিনল্যান্ডে বেকারত্বের হার নতুন রেকর্ডে পৌঁছেছে, যা ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশের তুলনায় অনেক উঁচু। ২০২৫ সালের নভেম্বর মাসে দেশটিতে বেকারত্বের হার ১০ শতাংশ ছাড়িয়েছে, যেখানে ইউরোপীয় ইউনিয়নের গড় হার প্রায় ৬ শতাংশ। এই পরিস্থিতি দেশে বসবাসরত এবং অধ্যয়নরত বিপুলসংখ্যক বাংলাদেশি শিক্ষার্থীর জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, ফিনল্যান্ডে বেকারত্ব বৃদ্ধির পেছনে কয়েকটি মূল কারণ কাজ করছে, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা এবং উচ্চ সুদের হার শিল্পখাতে বিনিয়োগ কমিয়েছে। আইটি, প্রযুক্তি ও নির্মাণ খাতের চাকরির সুযোগ সংকুচিত হয়েছে এবং ফিনিশ বা সুইডিশ ভাষায় দক্ষতা না থাকায় অনেক চাকরিতে প্রবেশ কঠিন। এছাড়া আন্তর্জাতিক শিক্ষার্থী ও অভিবাসীদের ক্ষেত্রে স্থানীয় অভিজ্ঞতা ও নেটওয়ার্কের অভাব কর্মসংস্থান সীমিত করছে।
ফিনল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং অ্যাপ্লাইড সায়েন্স কলেজে পড়াশোনা করছেন বহু বাংলাদেশি শিক্ষার্থী। তারা পার্টটাইম কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন এবং পরবর্তী সময়ে ফুলটাইম চাকরিতে প্রবেশের পরিকল্পনা করেন।
বাংলাদেশি শিক্ষার্থী ফজলে রাব্বি শুভ বলেন, আগে পার্টটাইম কাজ পাওয়া তুলনামূলক সহজ ছিল। এখন একই পদের জন্য অনেক আবেদনকারী থাকায় চাকরি পাওয়া কঠিন হয়ে গেছে। ভাষা এবং স্থানীয় অভিজ্ঞতার অভাব আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।
আরেক শিক্ষার্থী ফেরদৌস আহমেদ মুবিন জানান, ডিগ্রি শেষ করে ফিনল্যান্ডে স্থায়ীভাবে কাজ করার পরিকল্পনা ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বিকল্প দক্ষতা অর্জন ও অন্যান্য ইউরোপীয় দেশে সুযোগ খোঁজার কথাও ভাবতে হচ্ছে।
বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, আন্তর্জাতিক শিক্ষার্থীরা বেকারত্বের চ্যালেঞ্জ মোকাবিলায় কয়েকটি পদক্ষেপ নিতে পারেন, ফিনিশ ভাষায় দক্ষতা অর্জন, স্থানীয় চাকরিতে প্রবেশের জন্য মূল চাবিকাঠি। চাহিদাসম্পন্ন খাতে দক্ষতা বৃদ্ধি, যেমন স্বাস্থ্যসেবা, কেয়ার সেক্টর, গ্রিন এনার্জি, ডিজিটাল স্কিল। ইন্টার্নশিপ ও প্রজেক্টে অংশগ্রহণের মাধ্যমে কাজের অভিজ্ঞতা ও পেশাগত নেটওয়ার্ক তৈরি। ইউরোপের অন্যান্য দেশে বিকল্প সুযোগ খোঁজা, বিশেষ করে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী চাকরি। বিশেষজ্ঞরা আরও সতর্ক করে বলেন যে, ভাষাগত ও প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি স্থানীয় কাজের অভিজ্ঞতা না থাকলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য চাকরি পাওয়া কঠিন হতে পারে।
ফিনল্যান্ডের উচ্চ বেকারত্ব শুধু দেশটির অর্থনীতির চ্যালেঞ্জ নয়, বরং আন্তর্জাতিক শিক্ষার্থী ও অভিবাসীদের জন্যও বড় প্রভাব ফেলছে। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এটি অর্থনৈতিক নিরাপত্তা, পার্টটাইম কাজ এবং ভবিষ্যৎ ক্যারিয়ারের পরিকল্পনায় বড় অস্থিরতা তৈরি করছে। ফলে, ফিনল্যান্ডে পড়াশোনারত প্রবাসী শিক্ষার্থীদের ভাষা দক্ষতা, চাহিদাসম্পন্ন দক্ষতা এবং নেটওয়ার্কিং-এ গুরুত্ব দিয়ে প্রস্তুতি নেওয়াই বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে কার্যকর কৌশল হিসেবে বিবেচিত হচ্ছে।


