ইউরোপে প্রথম “ডিজিটাল বিজনেস ওয়ালেট” চালু করল পর্তুগাল সরকার, যা দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে সরকারি ডকুমেন্ট দ্রুত, সহজ এবং ডিজিটালভাবে ব্যবহার করার সুযোগ দেবে। এই অ্যাপটি বিশেষভাবে ব্যবসায়ীদের প্রশাসনিক কাজ, কর, সামাজিক নিরাপত্তা এবং কোম্পানি পরিচিতি সম্পর্কিত কাগজপত্র হাতের মুঠোয় নিয়ে আসবে ।
পরিচালনায় থাকা সরকারি মোবাইল অ্যাপ (gov.pt) এর মাধ্যমে এই ডিজিটাল ওয়ালেট ব্যবহারের সুযোগ মিলবে, যা নির্ভরযোগ্য, নিরাপদ ও অফিসিয়ালভাবে বৈধ ডকুমেন্ট সরবরাহ করবে। এতে কোম্পানির সনদ, কর সম্পর্কিত তথ্য, সামাজিক নিরাপত্তা স্টাটাস এবং মালিকানা সম্পর্কিত নিবন্ধনসহ চারটি প্রধান ডকুমেন্ট পাওয়া যাবে ।
পর্তুগালের প্রধানমন্ত্রী-লুইস মন্টিনিগ্রো বলেন, “আমরা চাই কোম্পানির সময় সরকারি প্রশাসনিক কাজে না ব্যয় হয়, বরং ব্যবসা বাড়াতে এবং কর্মসংস্থান করে উন্নয়ন ঘটাতে পারে।” তিনি আরও জানান, এই উদ্যোগ এর ফলে ইইউর ডিজিটাল স্ট্রাটেজির সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ এবং এর মাধ্যমে প্রশাসনিক বোঝা কমবে ।
এই ডিজিটাল বিজনেস ওয়ালেটের মূল উদ্দেশ্য হলো প্রশাসনিক জটিলতা দূর করে ব্যবসা সম্প্রসারণ সহজ করা এবং আন্তর্জাতিক বাজারে কাজ করার সময় প্রয়োজনীয় কাগজপত্র সহজলভ্য করা। ব্যবসায়ীরা সামনের মাসগুলোতে আরও অনলাইন ডকুমেন্ট অ্যাক্সেস করতে পারবেন এবং ভবিষ্যতে ব্যাংক ও সরকারি কাজগুলো ডিজিটাল মাধ্যমে দ্রুত সম্পন্ন করতে পারবে ।
অর্থনীতিবিদরা মনে করেন, এই উদ্যোগটি পর্তুগালের পাশাপাশি অন্যান্য ইইউ সদস্য দেশগুলোকেও ডিজিটালাইজেশনে এগিয়ে নিতে সাহায্য করবে, যদিও কিছু দেশ ইতোমধ্যেই তাদের ডিজিটাল প্রশাসনিক প্ল্যাটফর্ম তৈরি করেছে।


