স্পেন বা ইতালির মতো জনপ্রিয় দেশগুলোতে পর্যটকদের উপচে পড়া ভিড় এড়িয়ে যারা একটু নিরিবিলি এবং বৈচিত্র্যময় অভিজ্ঞতা খুঁজছেন, তাদের জন্য ইউরোপের স্বল্প পরিচিত ৫টি দেশ হতে পারে সেরা গন্তব্য। আসল ইউরোপীয় সংস্কৃতি, সাশ্রয়ী খরচ এবং গ্রামীণ জীবন উপভোগ করতে এই দেশগুলো এখন পর্যটকদের নতুন পছন্দের তালিকায় উঠে আসছে।
মদ ও মঠের দেশ মলদোভা: ইউরোপের অন্যতম কম ভ্রমণ করা এবং সাশ্রয়ী দেশ হলো মলদোভা। ২০২৫ সালে এখানে মাত্র সোয়া ৫ লাখ পর্যটক এসেছেন। এই দেশটিকে মদ্যপ্রেমী ও ঐতিহ্যপিপাসুদের জন্য স্বর্গ বলা হয়। বিশ্বের বৃহত্তম মদের সংগ্রহশালা ‘মিলেস্টি মিসি’ এবং ভূগর্ভস্থ মদের শহর হিসেবে পরিচিত ‘ক্রিকোভা’ এখানে অবস্থিত। এছাড়া রাজধানী কিশিনাউ-এর সোভিয়েত স্থাপত্য এবং পাহাড় কেটে তৈরি প্রাচীন ‘ওরহিউল ভেচি’ মঠ পর্যটকদের মুগ্ধ করে। এখানকার ঐতিহ্যবাহী পোলেন্টা এবং স্টাফড পেস্ট্রি ভোজনরসিকদের জন্য বিশেষ আকর্ষণ।
আল্পাইন সৌন্দর্যের লিশটেনস্টাইন ও প্রাচীন সান মারিনো: বিশ্বের অন্যতম ক্ষুদ্রতম দেশ লিশটেনস্টাইন আল্পস পর্বতমালার কোলে অবস্থিত, যেখানে ২০২২ সালে মাত্র ৮৫ হাজার পর্যটক গিয়েছিলেন। পাহাড়ের চূড়ায় অবস্থিত ‘ভাদুজ ক্যাসেল’ এবং শীতকালীন স্কিইং-এর জন্য মালবুন গ্রাম এই দেশের প্রধান আকর্ষণ। অন্যদিকে, ইতালি দ্বারা পরিবেষ্টিত বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্র সান মারিনো একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এখান থেকে অ্যাড্রিয়াটিক সাগরের প্যানোরামিক দৃশ্য দেখা যায়। মধ্যযুগীয় টাওয়ার, ক্যাবল কার ভ্রমণ এবং সংকীর্ণ পাথুরে রাস্তায় কেনাকাটা করার অভিজ্ঞতা নিতে ২০২৫ সালে এখানে প্রায় ২০ লাখ পর্যটক সমাগম হয়েছিল।
কসোভো ও উত্তর মেসিডোনিয়ার বৈচিত্র্য: ইউরোপের সর্বকনিষ্ঠ দেশ কসোভো তার পাহাড়ী প্রকৃতি এবং অটোমান ইতিহাসের জন্য পরিচিত। প্রিজরেনের কালাজা দুর্গ এবং ১৭ শতকের সিনান পাশা মসজিদ এই দেশের প্রাণ। রাজধানী প্রিস্টিনায় অবস্থিত ‘নিউবর্ন’ মনুমেন্ট এবং রুজোভা পর্বতমালা দেখার মতো। অন্যদিকে, প্রকৃতি ও সংস্কৃতির মেলবন্ধনের দেশ উত্তর মেসিডোনিয়া পর্যটকদের জন্য আরও একটি চমৎকার বিকল্প। এখানে রয়েছে ইউরোপের প্রাচীনতম ও গভীরতম ওহরিড হ্রদ। মাদার তেরেসার জন্মস্থান রাজধানী স্কোপিয়ের ওল্ড বাজার এবং কেল দুর্গ দেখার পাশাপাশি মাভরোভো ন্যাশনাল পার্কে বলকান লিংকস-এর মতো বিরল বন্যপ্রাণী দেখার সুযোগ রয়েছে।


