ইউরোপের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনা শেষে আগামীকাল শুক্রবার (২০ মার্চ) ইউরোপজুড়ে পালিত হবে মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।
পর্তুগালসহ ইউরোপের বিভিন্ন দেশের চাঁদ দেখা কমিটি ও স্থানীয় ইসলামিক সেন্টারগুলো আজ বৃহস্পতিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছে। আকাশে শাওয়াল মাসের বাঁকা চাঁদ দেখা যাওয়ার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই ইউরোপ প্রবাসী মুসলিম কমিউনিটির মাঝে উৎসবের আমেজ শুরু হয়েছে। একে অপরকে ‘ঈদ মোবারক’ জানিয়ে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। ইউরোপের বিভিন্ন দেশের প্রধান শহরগুলোতে প্রবাসী বাংলাদেশিদের ঈদের জামাতের প্রস্তুতি শুরু হয়েছে। সকালে স্থানীয় মসজিদ ও নির্ধারিত খোলা মাঠে ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে উৎসবের সূচনা হবে।
এদিকে, ভৌগোলিক অবস্থান ও সময়ের পার্থক্যের কারণে ইউরোপের একদিন পর অর্থাৎ আগামী শনিবার (২১ মার্চ) বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। দেশের আকাশে আগামীকাল শুক্রবার চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার ভিত্তিতে শনিবার দেশজুড়ে ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের মানুষ।


