উত্তর ফ্রান্সের পাস-ডি-কালে অঞ্চলে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক অভিজ্ঞ ট্রেন চালক। আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে একটি উচ্চগতির টিজিভি ট্রেনের সাথে একটি ভারী পণ্যবাহী লরির প্রচণ্ড সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ৩৫০ জন যাত্রী নিয়ে দ্রুতবেগে ছুটে চলা ট্রেনটি একটি লেভেল ক্রসিংয়ে লরিটিকে আঘাত করলে ট্রেনের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে অন্তত ২৭ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ফরাসি কর্তৃপক্ষ।
ফরাসি রেলওয়ে সংস্থা এসএনসিএফ সূত্রে জানা গেছে, ট্রেনটি বেথুন এবং লেন্স এর মাঝামাঝি বুলি-লে-মিনস নামক এলাকায় একটি লেভেল ক্রসিং পার হওয়ার সময় এই সংঘর্ষ হয়। ঘটনার আকস্মিকতায় ট্রেন চালক ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত ২৭ জন যাত্রীকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, সংঘর্ষের শব্দ এতটাই বিকট ছিল যে পুরো এলাকা কেঁপে ওঠে।
ফ্রান্সের পরিবহন মন্ত্রী ফিলিপ তাবারো দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এসএনসিএফ-এর সিইও জঁ ক্যাসটেক্স এর সাথে দুর্ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন বলে জানিয়েছেন। উদ্ধারকর্মীরা দীর্ঘ সময় ধরে দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রেনের অংশ থেকে যাত্রীদের সরিয়ে নেন এবং ট্রেনের বাকি অংশ নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেন।
এই ভয়াবহ দুর্ঘটনার ফলে ‘টিইআর ও-দ্য-ফ্রান্স’ রেলওয়ে নেটওয়ার্কে চরম বিপর্যয় দেখা দিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত এবং লাইনের ক্ষয়ক্ষতি মেরামতের জন্য বেথুন এবং লেন্স-এর মধ্যে ট্রেন চলাচল মঙ্গলবার দিনভর বন্ধ থাকবে। উত্তর ফ্রান্সের এই রুটে চলাচলকারী হাজার হাজার যাত্রীকে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। লরিটি কেন লেভেল ক্রসিংয়ে আটকা পড়েছিল, তা খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


