সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ফরাসি সামরিক ঘাঁটিতে ইরানি ড্রোন হামলার পর মধ্যপ্রাচ্যে নিজেদের রণকৌশল আমূল বদলে ফেলেছে ফ্রান্স। ফ্রান্সের জয়েন্ট স্টাফের পক্ষ থেকে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থিত নির্দিষ্ট কিছু ফরাসি ঘাঁটি থেকে মার্কিন যুদ্ধবিমান পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।
এএফপির বরাতে জানা যায়, ফ্রান্সের এই সিদ্ধান্তকে ‘সাময়িক’ এবং যুক্তরাষ্ট্রের সাথে তাদের দীর্ঘদিনের সম্পর্কের অংশ হিসেবে বর্ণনা করা হয়েছে। তবে বিশ্লেষকরা মনে করছেন, তেহরানের বিরুদ্ধে একটি ‘ঐক্যবদ্ধ পশ্চিমা ফ্রন্ট’ গঠনের লক্ষ্যেই এই পদক্ষেপ।
ফ্রান্স ঐতিহ্যগতভাবে ওয়াশিংটনের থেকে নিজেদের সামরিক সিদ্ধান্ত স্বতন্ত্র রাখলেও গত ১লা মার্চের ঘটনা পরিস্থিতি পাল্টে দিয়েছে। ওই দিন আবুধাবিতে ফ্রান্সের ‘বেস অ্যারিয়েন ১০৪’ (আল ধাফরা বিমান ঘাঁটি) লক্ষ্য করে ইরান ড্রোন হামলা চালায়। ফরাসি সামরিক নীতি অনুযায়ী, তাদের সার্বভৌম বাহিনীর ওপর হামলা মানেই একটি ‘রেড লাইন’ বা সীমা অতিক্রম করা। এর ফলে ফ্রান্স এখন সরাসরি ইরান-বিরোধী অবস্থানে মিত্রদের পাশে দাঁড়িয়েছে।
ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারোট জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা সুরক্ষায় ফরাসি রাফাল যুদ্ধবিমান নিয়মিত টহল দিচ্ছে। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরাতে এবং নিজেদের স্বার্থ রক্ষায় ফ্রান্স এখন কূটনৈতিক আলোচনার পাশাপাশি সামরিক শক্তিতেও জোর দিচ্ছে।


