২০২৬ সালের ৫ ও ৬ এপ্রিল ইতালিজুড়ে পালিত হচ্ছে ইস্টার সানডে ও ইস্টার মানডে। ঐতিহ্যের ছোঁয়ায় রঙিন এই উৎসবে মেতেছে পুরো দেশ। ‘Natale con i tuoi, Pasqua con chi vuoi’— অর্থাৎ বড়দিন পরিবারের সাথে হলেও ইস্টার কাটুক মনের মানুষের সাথে— এই প্রাচীন প্রবাদ মেনেই ইতালীয়রা মেতেছেন উৎসবে।
রোমের অলিগলি এখন ম ম করছে ঐতিহ্যবাহী ‘কোলোম্বা দি পাসকুয়া’ বা ঘুঘু আকৃতির কেকের সুগন্ধে। বিশেষ করে রোমানদের দস্তরখানে ইস্টার সানডের সকালে সালামি, পনির আর পিৎজা আল ফরমাজিওর রাজকীয় প্রাতরাশ এবং দুপুরে ‘আব্বাচ্চিও’ বা কচি ভেড়ার মাংসের বিশেষ পদ এই উৎসবের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে।
তবে পর্যটকদের জন্য কিছুটা দুঃসংবাদও রয়েছে। ইতালির অধিকাংশ জাদুঘর ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন দর্শনার্থীদের জন্য খোলা থাকলেও, বিশ্বখ্যাত ভ্যাটিকান মিউজিয়াম এই দুই দিনই পুরোপুরি বন্ধ থাকবে। সরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানও থাকবে ছুটির আওতায়।
সোমবার বা ‘পাসকুয়েত্তা’র দিনে ইতালীয়রা সাধারণত শহরের কোলাহল ছেড়ে নিরিবিলি বনভোজনে বেরিয়ে পড়েন। ইস্টারের এই আমেজ শেষ হতে না হতেই আগামী ২৫ এপ্রিল ইতালিতে পালিত হবে ‘মুক্তি দিবস’ বা ফেস্তা ডেলা লিবারাজিওন। যদিও দিনটি শনিবার হওয়ায় কর্মব্যস্ত জীবনে এর প্রভাব খুব একটা পড়বে না, তবে উৎসবের আমেজ দেশটিতে সারা মাসজুড়েই বজায় থাকবে।


