মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে এক ঝটিকা সফরে কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। শনিবার (৪ এপ্রিল) সকালে সৌদি আরব থেকে তিনি সরাসরি কাতারে অবতরণ করেন। গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পর এই প্রথম কোনো জি-৭ (G7) বা জি-২০ (G20) ভুক্ত দেশের শীর্ষ নেতা কাতার সফর করছেন। এই সফরটি কেবল ইতালির জন্য নয়, বরং পশ্চিমা দেশগুলোর জন্যও ভূ-রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
দোহায় অবস্থিত ইতালির দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, এই সফরের মূল সুর হলো ‘সংহতি ও বন্ধুত্ব’। বিশেষ করে গত ২৮ ফেব্রুয়ারি কাতারের ওপর যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছিল, তার বিরুদ্ধে ইতালির জোরালো অবস্থান পুনর্ব্যক্ত করতেই মেলোনির এই কাতার সফর। প্রধানমন্ত্রী মেলোনি ইতোমধ্যেই এই অঞ্চলের ওপর যেকোনো বহিঃশত্রুর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং কাতারের সার্বভৌমত্বের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন।
সফরের আলোচ্য সূচিতে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতা প্রাধান্য পাচ্ছে। যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার যে ঝুঁকি তৈরি হয়েছে, তা মোকাবিলায় কাতারের সঙ্গে দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্ব নিশ্চিত করাই ইতালির অন্যতম প্রধান লক্ষ্য। কাতার থেকে সফল সফর শেষে মেলোনির সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।


