উত্তর ইতালির অর্থনৈতিক কেন্দ্র মিলান-এর ভিয়ালে চেরতোসা এলাকায় অবস্থিত ইউনিক্রেডিট ব্যাংকের একটি শাখায় চুরির উদ্দেশ্যে ঢুকে ভল্টের ভেতরে আটকা পড়ে পড়েন ২৪ বছর বয়সী এক বাংলাদেশি যুবক। প্রায় ৯ ঘণ্টাব্যাপী জটিল উদ্ধার অভিযানের পর শনিবার ভোরে তাকে জীবিত উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ব্যাংক খোলা থাকার সময়ই ওই যুবক গ্রাহক সেজে ভেতরে প্রবেশ করেন। সুযোগ বুঝে তিনি কর্মীদের চোখ ফাঁকি দিয়ে সরাসরি সুরক্ষিত ভল্ট এলাকায় প্রবেশ করে লুকিয়ে থাকেন।ব্যাংক বন্ধ হওয়ার পর তিনি ভল্ট থেকে বের হয়ে চুরি করার পরিকল্পনা করেছিলেন বলে ধারণা করছে তদন্তকারীরা। কিন্তু ভল্টের স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থা সক্রিয় হয়ে গেলে তিনি নিজেই ভেতরে আটকা পড়ে যান।
ভেতরে আটকা পড়ার পর যুবকটি বের হওয়ার জন্য ভল্টের লক ও নিরাপত্তা যন্ত্রে জোরপূর্বক হস্তক্ষেপ করেন। এতে নিরাপত্তা তালা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, পরে ব্যাংকের আসল চাবি পাওয়া গেলেও তা দিয়ে দরজা খোলা সম্ভব হচ্ছিল না। উদ্ধারকর্মীরা প্রথমে একটি টাইমারযুক্ত সেফ ভেঙে চাবি উদ্ধার করেন, যা নিয়ম অনুযায়ী সকাল ৮টার আগে খোলার কথা ছিল না, কিন্তু লকের যান্ত্রিক ক্ষতির কারণে সেটিও অকার্যকর হয়ে পড়ে।
শুক্রবার রাতের দিকে ব্যাংকের নিরাপত্তা কক্ষে সিসিটিভি ফুটেজে কালো জ্যাকেট ও ব্যাকপ্যাক পরা যুবকের নড়াচড়া ধরা পড়ে। সঙ্গে সঙ্গে অ্যালার্ম বেজে ওঠে। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় পুলিশ ও ফায়ার সার্ভিস। রাত ৯টা থেকে শুরু হয় উদ্ধার অভিযান। ভল্টের উচ্চ নিরাপত্তা কাঠামো, পুরু স্টিলের দরজা এবং অটোমেটিক লকিং সিস্টেমের কারণে অভিযান জটিল হয়ে পড়ে।
উদ্ধারকারীরা ধাপে ধাপে ভল্টের সুরক্ষা স্তর খুলতে চেষ্টা করেন। প্রথমে নিরাপত্তা কোড ও চাবি ব্যবহার, এরপর টাইমার সেফ ভেঙে চাবি উদ্ধার এবং শেষ পর্যন্ত ভারী সরঞ্জাম দিয়ে ব্লাইন্ডার ও স্টিল কাঠামো কেটে ফেলা হয়। অবশেষে শনিবার ভোর ৬টার দিকে ভল্টের দরজা আংশিক ভেঙে যুবককে বের করে আনা হয়।উদ্ধারের পরপরই ইতালির সামরিক ধাঁচের পুলিশ বাহিনী কারাবিনিয়েরি তাকে গুরুতর চুরির চেষ্টা অভিযোগে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি পরিকল্পিত অপরাধের চেষ্টা হিসেবে বিবেচিত হচ্ছে।
তদন্তকারীরা এখন কয়েকটি বিষয় খতিয়ে দেখা শুরু করেছেন। বিশেষ করে তিনি একাই এই কাজটি করেছেন নাকি সহযোগী ছিল। ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা ও পূর্বপরিকল্পনার ছিলো কি না, তা নিয়েও তদন্ত করছেন তারা। এছাড়া ব্যাংকের পক্ষ থেকেও নিরাপত্তা প্রোটোকল পর্যালোচনা শুরু হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের মতে, ভল্টে আটকা পড়ার মতো ঘটনা এলাকায় অত্যন্ত বিরল। উদ্ধার অভিযানের সময় পুরো এলাকা ঘিরে রাখা হয় এবং রাতভর পুলিশ ও ফায়ার সার্ভিসের উপস্থিতি এলাকায় ব্যাপক কৌতূহল তৈরি করে।
সব মিলিয়ে, চুরি করতে গিয়ে নিজেই ভল্টে বন্দি হয়ে পড়ার এই ঘটনা ইতালিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তদন্ত শেষ হলে পুরো পরিকল্পনার বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।


