পর্তুগালের অভিবাসন ও আশ্রয় বিষয়ক সংস্থা-এআইএমএ (আইমা) সম্প্রতি কিছু বিদেশি নাগরিককে ই-মেইলের মাধ্যমে জানাচ্ছে যে তাদের আবেদনের অংশ হিসেবে সরাসরি উপস্থিত হয়ে নথিপত্র যাচাই করতে হবে। এই পদক্ষেপটি বিশেষ করে রেসিডেন্স পারমিট, নবায়ন বা বৈধকরণ সংক্রান্ত আবেদনকারীদের ক্ষেত্রে নেওয়া হচ্ছে।
‘এআইএমএ’(আইমা) জানিয়েছে, আবেদন প্রক্রিয়া বিশ্লেষণের সময় কিছু ক্ষেত্রে জমা দেওয়া কাগজপত্রের সত্যতা, সামঞ্জস্য বা পূর্ণতা নিয়ে অতিরিক্ত যাচাই প্রয়োজন হচ্ছে। সেই কারণে আবেদনকারীদের কাছে একটি ই-মেইল পাঠানো হচ্ছে যার শিরোনাম সাধারণত থাকে, “নথিপত্র যাচাইয়ের জন্য নতুন অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ”।
এই ই-মেইলে নির্দিষ্ট তারিখ, সময় ও অফিসের ঠিকানা উল্লেখ থাকে। আবেদনকারীকে অবশ্যই নির্ধারিত সময়ে উপস্থিত থাকতে হবে এবং সঙ্গে আনতে হবে, বৈধ পাসপোর্ট (মূল কপি), পূর্বে জমা দেওয়া অন্যান্য মূল নথিপত্র ও প্রয়োজন হলে অতিরিক্ত সমর্থনকারী ডকুমেন্ট।
‘এআইএমএ’(আইমা) স্পষ্ট করে জানিয়েছে, স্ক্যান কপি বা শুধুমাত্র ডিজিটাল ফাইল গ্রহণ করা হবে না, সরাসরি মূল নথি প্রদর্শন করতে হবে।
‘এআইএমএ’ সতর্ক করেছে, যদি নির্ধারিত দিনে আবেদনকারী উপস্থিত না হন এবং যথাযথ কারণ না দেখান, তাহলে তার রেসিডেন্স আবেদন বাতিল হয়ে যেতে পারে। অর্থাৎ এটি কেবল একটি সাধারণ অনুরোধ নয়; বরং আবেদন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ।
পর্তুগালে সাম্প্রতিক বছরগুলোতে অভিবাসনের আবেদন উল্লেখযোগ্য হারে বেড়েছে। পূর্বের বিদেশি ও সীমান্ত পরিষেবা সংস্থা-এসইএফ বিলুপ্তির পর ‘এআইএমএ’ দায়িত্ব নেওয়ার পর থেকে পুরোনো ফাইল ও নতুন আবেদন দ্রুত নিষ্পত্তির উদ্যোগ চলছে। এই প্রেক্ষাপটে, জাল কাগজপত্র প্রতিরোধ, পরিচয় নিশ্চিতকরণ, আবেদনকারীর তথ্য পূর্বের রেকর্ডের সাথে মিলিয়ে দেখা ও ফ্রড বা ভুল তথ্য শনাক্ত করা, এসব লক্ষ্যেই এই সরাসরি উপস্থিত হয়ে যাচাই ব্যবস্থা জোরদার করা হয়েছে।
‘এআইএমএ’(আইমা) জানিয়েছে, এটি কোনো শাস্তিমূলক বা সাধারণ সবার জন্য বাধ্যতামূলক নিয়ম নয়; বরং নির্দিষ্ট কিছু কেসে, যেখানে অতিরিক্ত যাচাই প্রয়োজন, সেখানে এই ডাক দেওয়া হচ্ছে।
সংস্থাটি আবেদনকারীদের সতর্ক করে বলেছে, অফিসিয়াল ই-মেইল শুধুমাত্র @aima.gov.pt ডোমেইন থেকে আসবে, সন্দেহজনক লিংক বা অচেনা প্রেরকের ই-মেইলে সাড়া না দিতে এবং প্রয়োজনে সরাসরি এআইএমএ’র অফিসিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে। সাম্প্রতিক সময়ে ভুয়া ইমিগ্রেশন ই-মেইল বা ফিশিং প্রচেষ্টা বেড়ে যাওয়ায় এই সতর্কতা দেওয়া হয়েছে।
যারা এমন ই-মেইল পেয়েছেন তাদের উচিত, ই-মেইলের প্রেরকের ঠিকানা যাচাই করা, নির্ধারিত তারিখ নোট করে রাখা, সব মূল নথিপত্র প্রস্তুত রাখা ও সময়মতো উপস্থিত হওয়া। যদি নির্ধারিত তারিখে উপস্থিত হওয়া সম্ভব না হয়, তাহলে যত দ্রুত সম্ভব অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে পুনঃনির্ধারণের চেষ্টা করতে হবে।
এটি মূলত আবেদন প্রক্রিয়াকে স্বচ্ছ, নিরাপদ ও জালিয়াতিমুক্ত রাখার অংশ। মাস বা সংখ্যাভিত্তিক কোনো সাধারণ নিয়ম নয়, বরং কেবল নির্দিষ্ট আবেদনগুলোর ক্ষেত্রেই এই ডাক দেওয়া হচ্ছে। অভিবাসীদের জন্য এটি গুরুত্বপূর্ণ একটি আপডেট, বিশেষ করে যারা রেসিডেন্স পারমিট বা নবায়নের অপেক্ষায় আছেন।


