পর্তুগালে কর্মরত বাংলা ভাষার সাংবাদিকদের সংগঠন পর্তুগাল বাংলা প্রেসক্লাব-এর দুই বছর মেয়াদি নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) লিসবনের একটি স্থানীয় রেস্টুরেন্টে ইফতার-পরবর্তী এক সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে নবনির্বাচিত কমিটির সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন বিদায়ী সভাপতি রনি মোহাম্মদ।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জনপ্রিয় অনলাইন গণমাধ্যম নোটিসিয়াস বাংলা-র সম্পাদক রাসেল আহম্মেদ। একই কমিটিতে প্রচার ও দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নোটিসিয়াস বাংলার মাল্টিমিডিয়া প্রধান আর এ ইহসান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্তুগালে কর্মরত বিভিন্ন বাংলাদেশের গণমাধ্যমের সাংবাদিকস এবং প্রেসক্লাবের সদস্যরা। নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে বিদায়ী সভাপতি রনি মোহাম্মদ আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের হাত ধরে প্রেসক্লাব আরও গতিশীল ও শক্তিশালী ভূমিকা রাখবে। তিনি বিগত কমিটির কার্যক্রমে সহযোগিতা করার জন্য সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানান।
নবনির্বাচিত সভাপতি রাসেল আহম্মেদ তাঁর বক্তব্যে বলেন, পর্তুগালে বাংলা সাংবাদিকতার মানোন্নয়ন, পেশাগত ঐক্য সুদৃঢ় করা, নতুন প্রজন্মের সাংবাদিকদের প্রশিক্ষণ ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনায় তিনি সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান। তিনি প্রেসক্লাবকে একটি কার্যকর ও অংশগ্রহণমূলক সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রচার ও দপ্তর সম্পাদক আর এ ইহসান বলেন, সংগঠনের কর্মকাণ্ড দেশ-বিদেশে তুলে ধরতে আধুনিক প্রযুক্তি ও মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মকে আরও কার্যকরভাবে ব্যবহার করা হবে। একই সঙ্গে সদস্যদের মধ্যে যোগাযোগ ও সমন্বয় জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হবে।
এছাড়াও, উপস্থিত সাংবাদিকরা নতুন কমিটির সফলতা কামনা করেন এবং পর্তুগালে বাংলা সাংবাদিকতার অগ্রযাত্রায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
দুই বছর মেয়াদি এ কমিটির মাধ্যমে প্রবাসে কর্মরত বাংলা ভাষার গণমাধ্যমকর্মীদের পেশাগত উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং কমিউনিটির ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।


