পর্তুগালের রাষ্ট্রপতি মার্সেলু রেবেলু দ্য সুজা সাম্প্রতিক দুর্যোগ পরিস্থিতি পরিদর্শনে কোইম্ব্রা সফরকালে শহরের মেয়র আনা আব্রুনহোসা-কে একটি প্রতীকী ওয়াইনের বোতল উপহার দিয়েছেন। রাষ্ট্রপতি বলেন, এটি কোনো আনুষ্ঠানিক পুরস্কার নয়, বরং সংকটময় সময়ে নাগরিকদের পাশে দাঁড়ানো স্থানীয় প্রশাসনের প্রতি রাষ্ট্রের কৃতজ্ঞতার প্রতীক, পর্তুগালের পক্ষ থেকে ধন্যবাদ।
সাম্প্রতিক ভারী বৃষ্টি ও আবহাওয়াজনিত ঝুঁকিতে শহরের কিছু নিম্নাঞ্চলে পানি জমে যায়, কয়েকটি সড়ক সাময়িকভাবে বন্ধ করতে হয় এবং নাগরিক সুরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। পৌরসভা, দমকল, সিভিল প্রোটেকশন এবং স্বেচ্ছাসেবীরা যৌথভাবে, ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দা সরিয়ে নেয়, পানি নিষ্কাশন ও রাস্তা পরিষ্কার করে, ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত মেরামত শুরু করে এবং জরুরি আশ্রয় ও সহায়তা কেন্দ্র খোলে। রাষ্ট্রপতি ঘটনাস্থল পরিদর্শন করে সংশ্লিষ্ট দলগুলোর সঙ্গে কথা বলেন এবং বাস্তব পরিস্থিতি মূল্যায়ন করেন। তিনি বলেন,
“কোইম্ব্রা সমন্বয় ও মানবিক সহযোগিতার একটি উদাহরণ স্থাপন করেছে কঠিন সময়ে রাষ্ট্র মানুষের পাশেই থাকে।”
পর্তুগিজ সংস্কৃতিতে ওয়াইন কেবল পানীয় নয়, এটি সম্মান, কৃতজ্ঞতা ও ঐতিহ্যের প্রতীক। রাষ্ট্রপতি জানান, এই বোতলটি মেয়রের ব্যক্তিগত উপহার নয়, বরং এটি শহরের, দমকল কর্মী, জরুরি সেবা সদস্য, স্বেচ্ছাসেবক ও সাধারণ নাগরিক, সবার সম্মিলিত দায়িত্ববোধের স্বীকৃতি। মেয়র আনা আব্রুনহোসা বলেন,
“এই স্বীকৃতি পুরো শহরের মানুষের জন্য।”
স্থানীয় বাসিন্দারা রাষ্ট্রপতির সফরকে মনোবল বাড়ানোর পদক্ষেপ হিসেবে দেখছেন। অনেক ব্যবসায়ী জানান, ক্ষয়ক্ষতি পুরোপুরি কাটিয়ে উঠতে সময় লাগবে, তবে রাষ্ট্রীয় নজরদারি ও সহায়তা পুনরুদ্ধার দ্রুত করবে।
সফরের শেষে রাষ্ট্রপতি আশ্বাস দেন, বৃষ্টি থামলেই পুনর্গঠন শেষ হয়ে যায় না। তিনি স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে অবকাঠামো মেরামত, ঝুঁকিপূর্ণ অঞ্চল চিহ্নিতকরণ এবং ভবিষ্যৎ আবহাওয়া প্রস্তুতি জোরদারের ওপর গুরুত্ব দেন।
এই সফর কেবল একটি আনুষ্ঠানিকতা ছিল না, বরং কেন্দ্রীয় সরকার ও স্থানীয় প্রশাসনের সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনার একটি বার্তা। প্রতীকী ওয়াইনের বোতলটি হয়ে উঠেছে রাষ্ট্রের কৃতজ্ঞতা, নাগরিক সংহতি এবং দুর্যোগ-পরবর্তী পুনর্গঠনের প্রতিশ্রুতির প্রতীক।


