ডেটা সুরক্ষা, ভুয়া তথ্য নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং শিশু-কিশোরদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত না করার অভিযোগে মেটা, টিকটক ও এক্সের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে স্পেন। ইউরোপীয় ইউনিয়নের নতুন ডিজিটাল নীতিমালার আওতায় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে স্বচ্ছতা আনতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
স্পেনের সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলো জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ক্ষতিকর ও বিভ্রান্তিকর তথ্য দ্রুত অপসারণ, অ্যালগরিদমের কার্যক্রমে স্বচ্ছতা এবং ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সুরক্ষার বিষয়গুলো খতিয়ে দেখা হবে। বিশেষ করে নির্বাচনী সময় ভুয়া তথ্যের বিস্তার এবং কিশোর–তরুণদের মানসিক স্বাস্থ্যের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব তদন্তে গুরুত্ব পাচ্ছে।
ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট (ডিএসএ) এবং জিডিপিআর- এর আওতায় এই অনুসন্ধান পরিচালিত হচ্ছে। এসব আইনে বড় অনলাইন প্ল্যাটফর্মগুলোকে অবৈধ ও ক্ষতিকর কনটেন্ট অপসারণ, ঝুঁকি মূল্যায়ন এবং ব্যবহারকারীর ডেটা ব্যবহারে স্বচ্ছতা নিশ্চিত করার বাধ্যবাধকতা রয়েছে।
তদন্তে উঠে আসবে প্ল্যাটফর্মগুলো কীভাবে ব্যক্তিগত তথ্য ব্যবহার করছে, টার্গেটেড বিজ্ঞাপন পরিচালনা করছে এবং ইউরোপের বাইরে ডেটা স্থানান্তর করছে-এসব বিষয়ও। পাশাপাশি বয়স যাচাই ব্যবস্থার দুর্বলতার কারণে অপ্রাপ্তবয়স্কদের ক্ষতিকর কনটেন্টে প্রবেশের সুযোগ পাচ্ছে কি না, সেটিও খতিয়ে দেখা হবে।
অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বড় অঙ্কের জরিমানা গুনতে হতে পারে। এমনকি কিছু সেবা বা ফিচারের ওপর নিষেধাজ্ঞাও আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বিশ্লেষকেরা বলছেন, ইউরোপজুড়ে প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর নিয়ন্ত্রণ জোরদারের ধারাবাহিকতার অংশ হিসেবে স্পেনের এই তদন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারীর নিরাপত্তা ও জবাবদিহি আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।


