মঙ্গলবার, ২৪ই নভেম্বর, ২০২৬   |   ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের বাণিজ্য অবকাঠামো উন্নয়নে বড় বিনিয়োগ করছে ডেনমার্কের প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস। চট্টগ্রামের লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণ প্রকল্পে ৫৫০ মিলিয়ন (৫৫ কোটি) ডলার বিনিয়োগ করছে প্রতিষ্ঠানটি। এটি বাংলাদেশের ইতিহাসে ইউরোপের সবচেয়ে বড় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই)।

সম্প্রতি লালদিয়া কনটেইনার টার্মিনাল প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন ডেনমার্কের আন্তর্জাতিক অংশীদারত্ববিষয়ক স্টেট সেক্রেটারি এলসেবেথ সোন্ডারগার্ড ক্রোনে।

ডেনমার্ক দূতাবাসের এক ফেসবুক পোস্টে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) গ্লোবাল গেটওয়ে উদ্যোগের আওতাভুক্ত এই প্রকল্প বাংলাদেশের সামুদ্রিক অবকাঠামো আধুনিকায়ন এবং আন্তর্জাতিক বাণিজ্যে দেশের অবস্থান শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম বন্দরের কনটেইনার পরিবহনের সক্ষমতা ৪৪ শতাংশ বাড়বে। একই সঙ্গে বন্দরের কার্যক্রম আরও দক্ষ হবে, বড় জাহাজ ভেড়ানো সম্ভব হবে এবং পণ্য ওঠানো-নামানোর প্রক্রিয়া সহজ হবে।

এর ফলে বাংলাদেশের রপ্তানিকারকেরা আন্তর্জাতিক বাজারে পণ্য পরিবহনে বাড়তি সুবিধা পাবেন এবং বৈশ্বিক বাণিজ্যে দেশের প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে।

২০৩০ সালে চালুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা এই প্রকল্পটি দীর্ঘমেয়াদে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ইউরোপের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version