বৃহস্পতিবার, ২রা এপ্রিল, ২০২৬   |   ২০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ার মাটিতে পা রেখেও বড় ধরনের আইনি ও কূটনৈতিক জটিলতায় পড়েছেন বাংলাদেশের আলোচিত ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। আজ বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ডেইলি মেইল’-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, নিজের বক্তব্যে অ্যাডলফ হিটলারের প্রশংসা এবং ইহুদিবিদ্বেষী মন্তব্যের অভিযোগে আজহারীর অস্ট্রেলিয়া ভ্রমনের ভিসা বাতিল করা হয়েছে। ব্রিসবেন, মেলবোর্ন ও সিডনিসহ দেশটির প্রধান শহরগুলোতে তাঁর নির্ধারিত ওয়াজ মাহফিল বা লেকচার ট্যুর নিয়ে স্থানীয় প্রশাসন ও সংসদ সদস্যদের কাছে বিভিন্ন সংখ্যালঘু গোষ্ঠী অভিযোগ করার পর এই কঠোর পদক্ষেপ নেওয়া হলো।

ডেইলি মেইলের তথ্য অনুযায়ী, মিজানুর রহমান আজহারী তাঁর ‘বিশ্বাসের উত্তরাধিকার’ সিরিজের অংশ হিসেবে ইস্টার ছুটির মৌসুমে অস্ট্রেলিয়া সফর করছিলেন। তবে অভিযোগ উঠেছে যে, তিনি তাঁর বক্তব্যে হিটলারকে ইহুদিদের জন্য ‘ঐশ্বরিক শাস্তি’ হিসেবে বর্ণনা করেছেন এবং ইহুদিদের ‘বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী’ ও ‘বিষাক্ত কলঙ্ক’ বলে অভিহিত করেছেন। এমনকি এইডসসহ বিশ্বের বিভিন্ন মরণব্যাধির জন্য তিনি ইহুদিদের দায়ী করেছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। লিবারেল সিনেটর জোনাথন ডুনিয়াম বুধবার সকালে নিশ্চিত করেছেন যে, বিভিন্ন গোষ্ঠী থেকে সতর্কতা পাওয়ার পর বিষয়টি নিয়ে সরকারের উচ্চ মহলে আলোচনা হয়েছে।

মঙ্গলবার আজহারীর ভিসা বাতিল করার পর বর্তমানে তিনি অস্ট্রেলিয়া থেকে প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছেন। ৩ এপ্রিল মেলবোর্ন, ৪ এপ্রিল সিডনি এবং ৬ এপ্রিল ক্যানবেরায় তাঁর যে সফরসূচি ছিল, তা এখন অনিশ্চয়তার মুখে পড়েছে। অনলাইনে ১০ মিলিয়নের বেশি অনুসারী থাকা এই বক্তার ভিসা বাতিলের ঘটনাটি অস্ট্রেলিয়ার বাংলাদেশি কমিউনিটি এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অস্ট্রেলিয়ার কঠোর অভিবাসন ও বর্ণবাদ বিরোধী আইনের আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version