বাংলাদেশি নাগরিকদের বার্ষিক ব্যক্তিগত ভ্রমণ কোটার বিপরীতে লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জারদের নগদ মার্কিন ডলার বিক্রির সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) জারি করা এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এখন থেকে লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জাররা একবারে সর্বোচ্চ ৩ হাজার মার্কিন ডলার সমপরিমাণ নোট ও কয়েন বিক্রি করতে পারবেন। এতদিন এই সীমা ছিল ২ হাজার ডলার।
বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রার চাহিদা মেটানো সহজ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সার্কুলারে জানানো হয়।
একজন ভ্রমণকারীর বার্ষিক ভ্রমণ কোটার অবশিষ্ট অংশও বিক্রি করা যাবে। তবে তা অন্যান্য অবাধে রূপান্তরযোগ্য বা ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রার নোট ও কয়েন হিসেবে পাওয়া সাপেক্ষে এবং গ্রাহকের অবশিষ্ট কোটা থাকলেই বিক্রি করা যাবে।
নতুন নিয়মের ফলে বিদেশগামী ভ্রমণকারীরা লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জারদের কাছ থেকে নগদ বৈদেশিক মুদ্রা সংগ্রহে আরও বেশি সুবিধা ও নমনীয়তা পাবেন।
