শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬   |   ২৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

অভিবাসন ও শরণার্থী সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার (আইসিই) আদলে এবার বাড়িতে অভিযান চালানোর ক্ষমতা পাচ্ছে বেলজিয়ামের পুলিশ। অনিবন্ধিত অভিবাসীদের আটক ও বহিষ্কারের লক্ষ্যে বাসিন্দাদের সম্মতি ছাড়াই বাসাবাড়িতে প্রবেশের অনুমতি দিয়ে একটি আইন পাস করেছেন দেশটির আইনপ্রণেতারা।

বুধবার (১১ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আইনটির তীব্র সমালোচনা করেছেন মানবাধিকারকর্মীরা। তাঁদের আশঙ্কা, এর ফলে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অধীনে আইসিইর পরিচালিত কঠোর অভিবাসনবিরোধী অভিযানের মতো পরিস্থিতি তৈরি হতে পারে।

বেলজিয়ামে যেসব অভিবাসীর অবস্থানের অনুমতি প্রত্যাখ্যান করা হয়েছে, তাঁদের বহিষ্কারের হার বাড়াতে ক্ষমতাসীন ডানপন্থি জোট কয়েক মাস ধরেই বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এসব উদ্যোগ নিয়ে দেশটিতে তীব্র বিতর্ক চলছে।

গত শুক্রবার পার্লামেন্টে আইনটি পাস হওয়ার আগে দেশজুড়ে ৬০টির বেশি বিক্ষোভ হয়েছে। বিভিন্ন বেসরকারি সংস্থা, বিচারক ও আইনজীবী সমিতিও এর বিরোধিতা করেছে। সমালোচকদের মতে, বেলজিয়ামের এ উদ্যোগ যুক্তরাষ্ট্রে আইসিইর ক্রমবর্ধমান গ্রেপ্তার অভিযানেরই প্রতিফলন।

আগামী বসন্তে কার্যকর হতে যাওয়া আইন অনুযায়ী, কোনো বাসায় অনিবন্ধিত অভিবাসী রয়েছেন বলে সন্দেহ হলে সেখানে প্রবেশের অনুমতি চেয়ে তদন্তকারী বিচারকের কাছে আবেদন করতে পারবে বেলজিয়ামের অভিবাসন দপ্তর। বন্ধু কিংবা পরিবারের সদস্যদের বাসায় আশ্রয় নেওয়া অভিবাসীরাও এ আইনের আওতায় পড়বেন।

আদালতের পরোয়ানা পাওয়ার পর সকাল ৫টা থেকে রাত ৯টার মধ্যে বাসিন্দাদের সম্মতি ছাড়াই বাড়িতে প্রবেশ করতে পারবে পুলিশ। বাড়িতে শিশুদের উপস্থিতি থাকলেও অভিযান চালানো যাবে। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করার পাশাপাশি তাঁদের পরিচয়পত্র খুঁজতে তল্লাশি চালাতে পারবে পুলিশ।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ফরাসিভাষী বেলজিয়াম শাখার পরিচালক ক্যারিন থিবো আইনটিকে ‘ভয়ের আইন’ বলে অভিহিত করেছেন। শিশু এবং অভিবাসীদের আশ্রয় দেওয়া পরিবারগুলোর ওপর এর সম্ভাব্য প্রভাব তুলে ধরে তিনি বলেন, ‘এটি সত্যিই মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেবে।’

বেলজিয়ামের কর্মকর্তাদের দাবি, যেসব ব্যক্তির আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে, দেশ ছাড়ার নির্দেশ অমান্য করেছেন এবং জনশৃঙ্খলা বা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত হয়েছেন, শুধু তাঁদের ক্ষেত্রেই এসব ব্যবস্থা প্রয়োগ করা হবে।

তবে সমালোচকদের প্রশ্ন, জননিরাপত্তার জন্য হুমকি বলতে ঠিক কী বোঝানো হয়েছে, তা আইনে স্পষ্ট করা হয়নি কেন। তাঁরা এমন কিছু ঘটনার উদাহরণ দিয়েছেন, যেখানে অনুমতি ছাড়া কাজ করা, ট্রাফিক সিগন্যাল অমান্য করা কিংবা দোকান থেকে পণ্য চুরির মতো ঘটনাকেও হুমকি হিসেবে বিবেচনা করা হয়েছে। ফলে কারও বাড়িতে অভিযান চালানো হবে কি না, তা শেষ পর্যন্ত বিচারকদের ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর নির্ভর করতে পারে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, এ ধরনের আবেদনের ক্ষেত্রে বিচারকদের পূর্ণাঙ্গ তদন্তের ক্ষমতা থাকবে না। অতিরিক্ত তথ্য সংগ্রহের জন্য তাঁরা কার কাছে যেতে পারবেন, সে ক্ষেত্রেও সীমাবদ্ধতা রয়েছে। এমনকি বিচারকদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল বা চ্যালেঞ্জ জানানোর সুযোগও আইনে রাখা হয়নি।

ক্যারিন থিবো বলেন, ‘তারা সব সময় বলে, এটি অপরাধীদের জন্য। কিন্তু আমরা বলে আসছি, এই সমস্যা মোকাবিলায় তাদের হাতে আগে থেকেই প্রয়োজনীয় সব ব্যবস্থা রয়েছে। প্রচলিত বিচারব্যবস্থার মাধ্যমেই তারা এটি করতে পারে।’

থিবোর সংগঠনসহ ২০টি মানবাধিকার সংগঠন সতর্ক করে বলেছে, নতুন আইনটি বৈধ কাগজপত্র না থাকাকে অপরাধপ্রবণতার সঙ্গে এক করে দেখার প্রবণতা আরও বাড়াবে।

সংগঠনগুলোর বিবৃতিতে বলা হয়েছে, ‘ব্যক্তিগত বাসস্থান অলঙ্ঘনীয়। সেখানে বসবাসকারীদের প্রশাসনিক অবস্থার ওপর কখনোই এই সাংবিধানিক নীতির প্রয়োগ নির্ভর করা উচিত নয়।’

শেয়ার
মতামত দিন...

Exit mobile version