ইউরোপ মানেই শুধু ঐতিহাসিক শহর, জাদুঘর কিংবা স্থাপত্যের নিদর্শন নয়। মহাদেশটির বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে অসংখ্য জাতীয় উদ্যান। কোথাও বরফঢাকা পাহাড়, কোথাও ঘন অরণ্য, আবার কোথাও নীল হ্রদ, জলপ্রপাত ও বিস্তীর্ণ তৃণভূমি। প্রকৃতির কাছাকাছি কয়েকটি দিন কাটাতে চাইলে এসব উদ্যান হতে পারে আদর্শ গন্তব্য। ইউরোপের উল্লেখযোগ্য ছয়টি জাতীয় উদ্যানের পরিচয় জেনে নেওয়া যাক।
ফিনল্যান্ডের হোসা ন্যাশনাল পার্ক
ইউরোপের জাতীয় উদ্যানগুলোর মধ্যে বিশেষ আকর্ষণ রয়েছে ফিনল্যান্ডের হোসা ন্যাশনাল পার্কে। ঘন পাইন ও স্প্রুসের বন, স্বচ্ছ হ্রদ এবং প্রাচীন শিলাচিত্রের জন্য পরিচিত এই উদ্যান। এখানে হাইকিং, ক্যানোয়িং এবং শীতকালে স্নোশুয়িংয়ের সুযোগ রয়েছে।
এস্তোনিয়ার সোমা ন্যাশনাল পার্ক
এস্তোনিয়ার সোমা ন্যাশনাল পার্ক জলাভূমি ও মৌসুমি বন্যার জন্য পরিচিত। বছরের নির্দিষ্ট সময়ে এখানে বিস্তীর্ণ বন ও তৃণভূমি পানিতে ডুবে যায়। এ সময় নৌকায় করে উদ্যান ঘুরে দেখার অভিজ্ঞতা পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয়।
ফ্রান্সের মারকান্তুর ন্যাশনাল পার্ক
ফ্রান্সের দক্ষিণ-পূর্বে অবস্থিত মারকান্তুর ন্যাশনাল পার্ক প্রকৃতিপ্রেমীদের অন্যতম পছন্দের গন্তব্য। আল্পস পর্বতমালার অংশ এই উদ্যানে রয়েছে উঁচু পাহাড়, হিমবাহের চিহ্ন, উপত্যকা ও বৈচিত্র্যময় বন্যপ্রাণী। এখানে নেকড়ে, আইবেক্স ও বিভিন্ন প্রজাতির পাখির দেখা মেলে।
ক্রোয়েশিয়ার প্লিটভিস লেকস ন্যাশনাল পার্ক
ক্রোয়েশিয়ার প্লিটভিস লেকস ন্যাশনাল পার্ক জলপ্রপাত ও নীল-সবুজ হ্রদের জন্য বিখ্যাত। ১৯৭৯ সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় জায়গা করে নেয় এই উদ্যান। প্রাকৃতিকভাবে তৈরি চুনাপাথরের বাঁধের কারণে এখানে একের পর এক হ্রদ ও জলপ্রপাতের সৃষ্টি হয়েছে।
স্লোভেনিয়ার ত্রিগ্লাভ ন্যাশনাল পার্ক
স্লোভেনিয়ার ত্রিগ্লাভ ন্যাশনাল পার্ক আল্পসের পাহাড়ি সৌন্দর্য, স্বচ্ছ নদী, হ্রদ ও বনভূমির জন্য পরিচিত। এটি দেশটির একমাত্র জাতীয় উদ্যান। ২ হাজার ৮৬৪ মিটার উঁচু মাউন্ট ত্রিগ্লাভ এই উদ্যানের প্রধান আকর্ষণ।
সুইজারল্যান্ডের সুইস ন্যাশনাল পার্ক
সুইজারল্যান্ডের সুইস ন্যাশনাল পার্কও ইউরোপের অন্যতম উল্লেখযোগ্য প্রাকৃতিক সংরক্ষিত অঞ্চল। ১৯১৪ সালে প্রতিষ্ঠিত এই উদ্যানের আয়তন প্রায় ১৭২ বর্গকিলোমিটার। এখানে আল্পসের পাহাড়, বনভূমি, ছোট ছোট হ্রদ ও নানা ধরনের বন্যপ্রাণীর দেখা মেলে।
