বৃহস্পতিবার, ১৯ই ফেব্রুয়ারি, ২০২৬   |   ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

গ্রিসের রাজধানী এথেন্সের একটি হোটেল কক্ষ থেকে ইসরায়েলি গুপ্তচর থ্রিলার সিরিজ ‘তেহরান’–এর সহ–নির্মাতা ও টেলিভিশন প্রযোজক ডানা ইডেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ ফেব্রুয়ারি) গ্রিক পুলিশ এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানায়, ৫২ বছর বয়সী ইডেনের মরদেহ রোববার (১৫ ফেব্রুয়ারি) গভীর রাতে শহরের কেন্দ্রস্থল সিনতাগমা স্কয়ারের কাছে তাঁর হোটেল কক্ষ থেকে পাওয়া যায়। পুলিশের এক মুখপাত্র বলেন, ‘ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। হোটেলের নজরদারি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হয়েছে এবং প্রাথমিকভাবে সবকিছু থেকে আত্মহত্যার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।’

চতুর্থ মৌসুমের শুটিংয়ের কাজে অংশ নিতে গত ৪ ফেব্রুয়ারি এথেন্সে পৌঁছেছিলেন ডানা ইডেন। আন্তর্জাতিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম অ্যাপল টিভিতে প্রচারিত ‘তেহরান’ সিরিজটির প্রথম তিনটি মৌসুমও এথেন্সে ধারণ করা হয়।

ইরানের রাজধানীতে গোপনে অভিযান চালানো ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এক এজেন্টকে কেন্দ্র করে নির্মিত এই সিরিজটি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক জনপ্রিয়তা পায়। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা এবং এর পর গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের কারণে সিরিজটির চতুর্থ মৌসুমের শুটিং বিলম্বিত হয়।

‘তেহরান’ ইসরায়েলের সবচেয়ে সফল আন্তর্জাতিক প্রযোজনাগুলোর একটি হিসেবে বিবেচিত। ২০২১ সালে এটি সেরা নাটক সিরিজ বিভাগে এমি পুরস্কার অর্জন করে।

ডানা ইডেনের মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে গ্রিক পুলিশ।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version