ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান ব্যুরো ‘ইউরোস্ট্যাট’ এর সাম্প্রতিক ২০২৫ সালের তথ্য অনুযায়ী, ইউরোপে অর্থনৈতিক বৈষম্য এবং দারিদ্র্যের ঝুঁকি এক উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। ইইউ-এর মোট জনসংখ্যার ২০.৯ শতাংশ অর্থাৎ প্রায় ৯ কোটি ২৭ লক্ষ মানুষ বর্তমানে দারিদ্র্য বা সামাজিক বর্জনের ঝুঁকিতে রয়েছেন। তবে ইউরোপের দেশগুলোর মধ্যে শুধু জাতীয় স্তরেই নয়, বরং বিভিন্ন দেশের রাজধানী এবং অভ্যন্তরীণ অঞ্চলগুলোর মধ্যেও দারিদ্র্যের ঝুঁকির ক্ষেত্রে এক বিশাল ব্যবধান বা বৈষম্য তৈরি হয়েছে বলে ‘ইউরোনিউজ বিজনেস’ তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে।
জাতীয় স্তরের পরিসংখ্যান অনুযায়ী, ইউরোপে সবচেয়ে বেশি দারিদ্র্যের ঝুঁকিতে রয়েছে বুলগেরিয়া (২৯%), গ্রিস (২৭.৫%) এবং রোমানিয়া (২৭.৪%)। বিপরীতে সবচেয়ে কম ঝুঁকির মধ্যে রয়েছে চেক প্রজাতন্ত্র (১১.৫%), পোল্যান্ড (১৫%) এবং স্লোভেনিয়া (১৫.৫%)। ইইউ-এর প্রধান চারটি অর্থনীতির মধ্যে স্পেনের অবস্থা সবচেয়ে খারাপ, যেখানে প্রতি চারজনে একজন (২৫.৭%) ঝুঁকিতে রয়েছেন। এছাড়া ইতালি (২২.৬%) এবং জার্মানি (২১.২%) ইইউ-এর গড় হারের চেয়ে ওপরে অবস্থান করলেও ফ্রান্স (২০.৮%) রয়েছে গড়ের ঠিক নিচে।
আশ্চর্যের বিষয় হলো, জাতীয় গড়ের সাথে তুলনা করলে ইউরোপের রাজধানী শহরগুলোর চিত্রে এক বড় ধরণের বৈপরীত্য দেখা গেছে। বেলজিয়ামের জাতীয় দারিদ্র্যের হার ১৬.৫ শতাংশ হলেও, এর রাজধানী ব্রাসেলসে এই হার সর্বোচ্চ ৩৩.৬ শতাংশ, যা জাতীয় গড়ের চেয়ে ১৭.১ শতাংশ বেশি। একইভাবে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ২৯.৪ শতাংশ এবং জার্মানির রাজধানী বার্লিনে ২৪.৪ শতাংশ মানুষ দারিদ্র্যের ঝুঁকিতে রয়েছেন। তবে এর ব্যতিক্রম দেখা গেছে পূর্ব ইউরোপে; সেখানকার জাতীয় দারিদ্র্যের হার বেশি হলেও রাজধানীগুলো বেশ সুরক্ষিত। যেমন স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় এই হার ইউরোপের মধ্যে সর্বনিম্ন মাত্র ২.৯ শতাংশ। এছাড়া পোল্যান্ডের ওয়ারশ (৭.১%) এবং চেক প্রজাতন্ত্রের প্রাগে (৯.১%) এই হার একক অঙ্কে রয়েছে।
একই দেশের বিভিন্ন অভ্যন্তরীণ অঞ্চলের মধ্যেও তীব্র অর্থনৈতিক বৈষম্য লক্ষ্য করা গেছে, যার শীর্ষে রয়েছে ইতালি। ইতালির দক্ষিণাঞ্চলীয় ‘কালাব্রিয়া’ অঞ্চলে দারিদ্র্যের ঝুঁকি ইউরোপের মধ্যে সর্বোচ্চ ৪৫.৩ শতাংশ, অথচ দেশটির উত্তরাঞ্চলীয় ‘ভালে দাউস্তা’ অঞ্চলে এই হার মাত্র ৫.৬ শতাংশ। স্পেনের ক্ষেত্রেও ‘সিউদাদ দে মেলিলা’ (৪৩.৭%) এবং ‘বাইস ভাস্কো’-র মধ্যে এই ব্যবধান ২৯ শতাংশ। বিপরীতে সবচেয়ে কম অভ্যন্তরীণ বৈষম্য রয়েছে ফিনল্যান্ডে, যেখানে অঞ্চলভেদে ব্যবধান মাত্র ৩ শতাংশ। এছাড়া ইউরোপের ধনী অঞ্চল হিসেবে পরিচিত পশ্চিম ইউরোপের দুটি শহর জার্মানির ব্রেমেন (৩৫.৪%) এবং সুইজারল্যান্ডের টিচিনো (৩৩.১%) অঞ্চলে বর্তমানে প্রতি তিনজনে একজন মানুষ দারিদ্র্য ও সামাজিক বর্জনের ঝুঁকিতে রয়েছেন।
উল্লেখ্য, ইউরোস্ট্যাটের সংজ্ঞা অনুযায়ী জাতীয় গড় আয়ের ৬০ শতাংশের কম আয় করা, মৌলিক জীবনযাপনের উপকরণের তীব্র অভাব এবং কর্মসংস্থানের সুযোগ অত্যন্ত কম থাকা বা বেকারত্বের ওপর ভিত্তি করেই এই ঝুঁকি পরিমাপ করা হয়।
তথ্যসূত্র: ইউরোনিউজ
