শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬   |   ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

মাত্র ১০ দিন বিছানায় শুয়ে থাকলেই মিলবে ৫ হাজার ইউরো! এমন আকর্ষণীয় অফার দিয়েছে ফ্রান্সের একটি গবেষণা প্রতিষ্ঠান। দক্ষিণ ফ্রান্সের তুলুজে অবস্থিত ইনস্টিটিউট অব স্পেস মেডিসিন অ্যান্ড ফিজিওলজি (মেদেস) এ গবেষণার জন্য ১০ জন স্বেচ্ছাসেবক খুঁজছে।

প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানান, গবেষণার উদ্দেশ্য হলো মহাকাশে মাধ্যাকর্ষণহীন পরিবেশে মানুষের শরীর কীভাবে মানিয়ে নেয় তা বোঝা। বিশেষ করে শরীরের তরল- যেমন পানি ও রক্ত কীভাবে পুনর্বণ্টিত হয়, সেটিই পর্যবেক্ষণ করা হবে।

সংবাদ সংস্থা ইএফই জানায়, আগামী বছরের জুন মাসে এ বৈজ্ঞানিক গবেষণা শুরু হওয়ার কথা রয়েছে। ফরাসি ন্যাশনাল সেন্টার ফর স্পেস স্টাডিজ (সিএনইএস)-এর অনুরোধে এই গবেষণার আয়োজন করা হয়েছে। মহাকাশযাত্রার সময় অনেক ধরনের গবেষণা পরিচালনা করা কঠিন হওয়ায় পৃথিবীতেই এই সিমুলেশন বা অনুকরণমূলক পরীক্ষা চালানো হচ্ছে।

গবেষণায় অংশ নিতে ইচ্ছুকদের জন্য নির্দিষ্ট কিছু শর্ত রয়েছে। আগ্রহীদের বয়স হতে হবে ২০ থেকে ৪০ বছরের মধ্যে। শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে। নিয়মিত খেলাধুলা বা শরীরচর্চার অভ্যাস থাকতে হবে। ফরাসি ভাষায় ভালো দক্ষতা থাকতে হবে। শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন।

কীভাবে চলবে এই পরীক্ষা?

নির্বাচিত স্বেচ্ছাসেবকদের টানা ১০ দিন একটি সামান্য ঢালু অবস্থায় বিছানায় শুয়ে থাকতে হবে। পুরো সময়জুড়ে তারা প্রতিদিন মাত্র ২৫০ ক্যালোরি গ্রহণ করতে পারবেন। গবেষকদের আশা, এই পরীক্ষার ফলাফল ভবিষ্যতে মহাকাশচারীদের দীর্ঘমেয়াদি মহাকাশ মিশনে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় গুরুত্বপূর্ণ তথ্য দেবে। মহাকাশ গবেষণায় আগ্রহী এবং শারীরিকভাবে সক্ষমদের জন্য এটি হতে পারে এক ভিন্নধর্মী অভিজ্ঞতা, সঙ্গে আকর্ষণীয় পারিশ্রমিকও।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version