ফ্রান্সে চলমান বিক্ষোভ ও সহিংসতা নিয়ে ‘নির্বোধ’ মন্তব্য করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্বনেতাদের প্রতি ক্ষোভ জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। এ সময় বিক্ষোভ নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও এআই দিয়ে তৈরি ছবি ছড়ানোরও অভিযোগ তুলেছেন তিনি।
কাতার সফরে সাংবাদিকদের ম্যাখোঁ বলেন, ফ্রান্সের পরিস্থিতি নিয়ে অনেকে নির্বোধের মতো মন্তব্য করছেন, যা একেবারেই অগ্রহণযোগ্য। এদের মধ্যে অনেক বিশ্বনেতাও রয়েছেন।
এ সময় সাংবাদিকেরা ট্রাম্পের কথা জানতে চাইলে ম্যাখোঁ বলেন, তিনিও তাঁদের মধ্যে রয়েছেন।
এর আগে ফ্রান্সে সহিংসতার জন্য মুসলিম অভিবাসী ও কমিউনিস্টদের দায়ী করেন ট্রাম্প। অন্যদিকে, ফ্রান্স মুসলিম চরমপন্থীদের আগ্রাসনের শিকার বলে উদ্বেগ প্রকাশ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
এসব বক্তব্যের জবাবে ম্যাখোঁ বলেন, কেউ কেউ দাবি করছেন, ফ্রান্সে মুসলিম অভিবাসীরা অস্থিরতা ছড়াচ্ছেন। এ দাবি পুরোপুরি মিথ্যা। নির্দিষ্ট কিছু গোষ্ঠী পরিকল্পিতভাবে এসব অপপ্রচার চালাচ্ছে।
