স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইউরোপীয় কাউন্সিলের আসন্ন সম্মেলনে যোগ দিতে পারছেন না। তাই বৃহস্পতিবার ও শুক্রবারের সম্মেলনে স্পেনের ভোটাধিকার ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর হাতে তুলে দেবেন তিনি। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এক কূটনীতিক এ তথ্য জানিয়েছেন।
রোববার স্পেনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানোর ঝুঁকিতে রয়েছেন সানচেজ। বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচনী প্রচারের শেষ বিতর্কে রক্ষণশীল বিরোধীদলীয় নেতা আলবার্তো নুনিয়েজ ফেইহো, কট্টর ডানপন্থী নেতা সান্তিয়াগো আবাসকাল এবং বামপন্থী জোটের প্রধান আদা কোলাউয়ের মুখোমুখি হবেন তিনি।
সম্মেলনে নিজের ভোটের পাশাপাশি স্পেনের ভোটও দেবেন ম্যাক্রোঁ। ফলে নেতাদের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা প্রাধান্য পেতে যাওয়া এই সম্মেলনে তাঁর অবস্থান আরও শক্তিশালী হবে।
বৃহস্পতিবার শুরুতে সব নেতার অংশগ্রহণে ইইউর বাজেট এবং ইউক্রেনকে ৪৫ বিলিয়ন ইউরোর ঋণ দেওয়ার বিষয়ে আলোচনা হবে। এরপর কয়েক ঘণ্টা ধরে সীমিত পরিসরে বৈঠক করবেন নেতারা। শুক্রবার সকালে আবারও আলোচনায় বসবেন তাঁরা। ইইউর দুই কূটনীতিক এ তথ্য জানিয়েছেন।
শুক্রবার সকালে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) পরবর্তী প্রধান হিসেবে পাবলো হার্নান্দেজ দে কসের নিয়োগেও সম্মতি দেবেন নেতারা। এ ক্ষেত্রেও স্পেনের হয়ে ভোট দেবেন ম্যাক্রোঁ।
সানচেজ তাঁর ভোটাধিকার হস্তান্তরের জন্য ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন বা মাল্টার প্রধানমন্ত্রী রবার্ট আবেলার মতো মধ্য-বামপন্থী নেতাদের বেছে না নিয়ে বড় একটি দেশের উদারপন্থী নেতা ম্যাক্রোঁকে বেছে নিয়েছেন।
অভিবাসন নীতি নিয়ে সানচেজ ও ফ্রেডেরিকসেনের মধ্যে মতবিরোধ রয়েছে। মরক্কো সীমান্তে স্পেনের ছিটমহল সেউতায় অভিবাসনসংকটের পর ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে মিলে সীমান্ত নিয়ন্ত্রণ আরও কঠোর করার দাবি জানান ডেনমার্কের প্রধানমন্ত্রী।
এদিকে, রুয়ান্ডায় অভিবাসীদের পাঠানোর কেন্দ্র স্থাপনের পক্ষে অবস্থানসহ অভিবাসন বিষয়ে ফ্রেডেরিকসেনের কঠোর নীতি নিয়ে আনুষ্ঠানিক আলোচনার প্রস্তুতি নিচ্ছে ইউরোপের সোশ্যাল ডেমোক্র্যাটরা।
