শুক্রবার, ৬ই মার্চ, ২০২৬   |   ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক অভিযানে অংশ নিতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছে জার্মানি ও বেলজিয়াম। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দেশ দুটি সামরিক শক্তির পরিবর্তে কূটনৈতিক উপায়ে সংকট নিরসনের ওপর জোর দিয়েছে।

বুধবার বার্লিনে জার্মান আইনপ্রণেতাদের সাথে আলাপকালে প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস স্পষ্ট জানিয়ে দেন যে, জার্মানি এই সংঘাতের অংশ হবে না। তিনি বলেন:

“জার্মানি যুদ্ধের কোনো পক্ষ নয়। জার্মান সশস্ত্র বাহিনী এই অভিযানে অংশগ্রহণ করবে না। আমাদের লক্ষ্য হলো উত্তেজনা প্রশমন এবং সহিংসতা যাতে আর ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করা।”

ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি সতর্ক করেন যে, “যুদ্ধ শুরু করা শেষ করার চেয়ে অনেক সহজ।”

একই সুরে কথা বলেছেন বেলজিয়ামের প্রতিরক্ষামন্ত্রী থিও ফ্রাঙ্কেন। ব্রাসেলসে পার্লামেন্ট অধিবেশনে তিনি সাফ জানিয়ে দেন যে, বর্তমান যুক্তরাষ্ট্র-ইসরাইল অভিযানে বেলজিয়াম কোনোভাবেই যোগ দিচ্ছে না। বেলজিয়ামও এই মুহূর্তে সামরিক সংঘাতের চেয়ে স্থিতিশীলতা ফেরানোর দিকেই বেশি মনোযোগী।

কোনো সুনির্দিষ্ট যুদ্ধোত্তর রূপরেখা ছাড়া হামলা চালালে তার পরিণতি ভয়াবহ হতে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

ইউরোপের প্রভাবশালী এই দুই দেশের এমন অবস্থান যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক জোটের ওপর এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করল বলে মনে করছেন বিশ্লেষকরা।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version