মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬   |   ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ইতালি থেকে দেশে ফেরার পর হারিয়ে যাওয়া লাগেজ নিতে এসে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন আবুল বাশার নামের এক যাত্রী। সোমবার বিকেলে কাস্টমসের গ্রিন চ্যানেলে স্ক্যানিংয়ের সময় তাঁর লাগেজ থেকে খেলনাসদৃশ (ডামি) একটি পিস্তল, গানপাউডারযুক্ত ৫০টি বুলেট ও একটি চাকু উদ্ধার করা হয়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে এসব সামগ্রী জব্দ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৭ জুলাই বিমান বাংলাদেশ এয়ারলাইনসের রোম থেকে ঢাকাগামী বিজি-৩৫৬ ফ্লাইটে দেশে ফেরেন আবুল বাশার। তবে ওই সময় তাঁর একটি লাগেজ হারিয়ে যায়। পরে ১৫ আগস্ট বিমানের বিজি-২০২ ফ্লাইটে সেই লাগেজটি ঢাকায় পৌঁছায়।

সোমবার হারানো লাগেজটি নিতে বিমানবন্দরে আসেন আবুল বাশার। পরে কাস্টমসের গ্রিন চ্যানেল-২ দিয়ে বের হওয়ার সময় এনএসআই ও কাস্টমস প্রিভেনটিভ টিমের সদস্যরা লাগেজটি স্ক্যানিং মেশিনে দেন। স্ক্যানের সময় ভেতরে পিস্তলসদৃশ একটি বস্তুর অস্তিত্ব ধরা পড়ে।

এরপর লাগেজটি কাস্টমসের ইনভেন্টরি টেবিলে নিয়ে খোলা হয়। তল্লাশি চালিয়ে ভেতর থেকে খেলনাসদৃশ একটি পিস্তল, গানপাউডারযুক্ত ৫০টি বুলেট এবং একটি চাকু উদ্ধার করা হয়।

ঘটনার বিষয়ে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান তালুকদার বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। তবে এখনো আটক যাত্রী ও উদ্ধার করা সামগ্রী থানায় হস্তান্তর করা হয়নি।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version