ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাইরের দেশগুলো থেকে ২০২৭ সালে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন বিদেশি কর্মী নেওয়ার সুযোগ দিচ্ছে ইতালি। কৃষি, পর্যটন, নির্মাণসহ বিভিন্ন খাতে বিদেশি কর্মী নিয়োগের জন্য নতুন কোটা ও আবেদন প্রক্রিয়া প্রকাশ করেছে দেশটির সরকার।
বিদেশি শ্রমিকদের জন্য ইতালির সরকারি কর্মী কোটা ব্যবস্থার নাম ‘দেক্রেতো ফ্লুসি’। সম্প্রতি দেশটির স্বরাষ্ট্র, শ্রম, কৃষি ও পর্যটন মন্ত্রণালয়ের যৌথ সার্কুলারে ২০২৭ সালের কর্মী প্রবেশের কোটা ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, আগামী ২৩ অক্টোবর সকাল ৯টা থেকে ৭ ডিসেম্বর রাত ৮টা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনলাইন পোর্টালে আবেদন ফরম পূরণ করা যাবে। তবে আবেদন চূড়ান্তভাবে জমা দেওয়ার জন্য নির্ধারিত রয়েছে আলাদা ‘ক্লিক ডে’।
কৃষি খাতের মৌসুমি কর্মীদের জন্য ১২ জানুয়ারি, পর্যটন খাতের মৌসুমি কর্মীদের জন্য ৯ ফেব্রুয়ারি, অমৌসুমি কর্মীদের জন্য ১৬ ফেব্রুয়ারি এবং পারিবারিক সহায়তা খাতের কর্মীদের জন্য ১৮ ফেব্রুয়ারি আবেদন জমা দেওয়ার দিন নির্ধারণ করা হয়েছে।
২০২৭ সালের মোট কোটার মধ্যে ৮৯ হাজার বরাদ্দ রয়েছে কৃষি ও পর্যটন খাতের মৌসুমি কর্মীদের জন্য। অমৌসুমি চাকরির জন্য রাখা হয়েছে ৭৬ হাজার ২০০টি কোটা। আর স্বনিয়োজিত কর্মীদের জন্য রয়েছে ৬৫০টি কোটা।
নতুন নির্দেশনায় আবেদন যাচাই, নিয়োগকর্তার দায়িত্ব এবং কর্মীদের সঙ্গে চুক্তি স্বাক্ষরের সময়সীমাতেও কিছু পরিবর্তন আনা হয়েছে।
তবে নির্ধারিত কোটা থাকলেই যে আবেদনকারীর ভিসা নিশ্চিত হবে, বিষয়টি এমন নয়। আবেদন করতে হবে ইতালির নিয়োগকর্তা বা অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে। পাশাপাশি ‘নুল্লা ওস্তা’ এবং ভিসা পাওয়ার জন্য প্রয়োজনীয় যাচাই প্রক্রিয়াও সম্পন্ন করতে হবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, কোটা খালি থাকা সাপেক্ষে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।
ইতালিতে বৈধভাবে কাজের সুযোগ খুঁজছেন এমন বিদেশি কর্মীদের জন্য ২০২৭ সালের এই কর্মী প্রবেশ কর্মসূচি গুরুত্বপূর্ণ একটি সুযোগ তৈরি করছে।
