ইতালি ও আলবেনিয়ার মধ্যে স্বাক্ষরিত বিতর্কিত অভিবাসন প্রটোকল বাস্তবায়নের লক্ষ্যে গত ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে ৮০ জন বিদেশি নাগরিককে ইতালির প্রত্যাবাসন কেন্দ্র থেকে আলবেনিয়ার গ্যাডার ক্যাম্পে স্থানান্তর করা হয়েছে। ইতালীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত নথিপত্র থেকে এই চাঞ্চল্যকর তথ্য জানা গেছে।
ইতালির অভিবাসন ও সীমান্ত পুলিশ বিভাগের তথ্যমতে, গত ১৭ ও ২০ ফেব্রুয়ারি দুটি পৃথক চার্টার ফ্লাইটে এই স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। প্রথম দফায় ১৭ ফেব্রুয়ারি রোম থেকে বারি হয়ে ৩০ থেকে ৪০ জন অনিয়মিত অভিবাসীকে আলবেনিয়ায় পাঠানো হয়। এর ঠিক তিন দিন পর দ্বিতীয় ফ্লাইটে আরও ৩৫ থেকে ৪০ জন অভিবাসীকে একই গন্তব্যে নেওয়া হয়। বর্তমানে এই ৮০ জন অভিবাসীকে আলবেনিয়ার গ্যাডার-এ অবস্থিত ইতালি পরিচালিত বিশেষ প্রত্যাবাসন কেন্দ্রে রাখা হয়েছে।
এই স্থানান্তর প্রক্রিয়ায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। নথিপত্র অনুযায়ী, মাত্র ৮০ জন অভিবাসীকে পাহারায় রাখার জন্য প্রায় ৯০ থেকে ১০০ জন পুলিশ সদস্য নিয়োজিত ছিলেন। এই পুরো অপারেশনটির জন্য ভ্যাট বাদে খরচ হয়েছে প্রায় ৬৬,৬৪৬ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৫ লক্ষ টাকার বেশি)।
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার অবৈধ অভিবাসন কমাতে আলবেনিয়ার মাটিতে এই কেন্দ্রগুলো স্থাপন করেছে। এটি ইউরোপের ইতিহাসে প্রথম কোনো দেশ যা নিজ দেশের বাইরে অন্য কোনো দেশে অভিবাসীদের প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিচালনা করছে। তবে এই মডেলটি নিয়ে মানবাধিকার সংস্থাগুলোর মধ্যে ব্যাপক উদ্বেগ রয়েছে।
