মঙ্গলবার, ৩১শে মার্চ, ২০২৬   |   ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ইতালির পারমা শহরের উপকণ্ঠে অবস্থিত বিখ্যাত ‘মানিয়ানি রক্কা ফাউন্ডেশন’ জাদুঘরে ঘটে গেল এক অবিশ্বাস্য ও দুঃসাহসিক চুরির ঘটনা। মাত্র তিন মিনিটের ঝটিকা অভিযানে বিশ্বখ্যাত চিত্রশিল্পী অগাস্ট রেনোয়া, পল সেজান এবং অঁরি মাতিসের তিনটি অমূল্য চিত্রকর্ম নিয়ে চম্পট দিয়েছে একদল পেশাদার চোর। গত ২২-২৩শে মার্চ দিবাগত রাতে এই ঘটনা ঘটলেও ইতালীয় পুলিশ গত রোববার আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে। চুরি হওয়া এই ছবিগুলোর আনুমানিক বাজারমূল্য ৯ মিলিয়ন ইউরো বা প্রায় ১১৪ কোটি টাকা!

সিসিটিভি ফুটেজ ও পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, চারজন মুখোশধারী পেশাদার চোর অত্যন্ত পরিকল্পিতভাবে জাদুঘরের একটি প্রবেশদ্বার ভেঙে ভেতরে ঢোকে। তারা সরাসরি প্রথম তলার ‘ফ্রেঞ্চ রুম’-এ হানা দেয় এবং মাত্র ১৮০ সেকেন্ডের মধ্যে রেনোয়ার ‘ফিশ’, সেজানের ‘স্টিল লাইফ উইথ চেরিজ’ এবং মাতিসের ‘ওডালিস্ক অন দ্য টেরেস’ সরিয়ে ফেলে পেছনের বাগানের পথ দিয়ে অদৃশ্য হয়ে যায়। গোয়েন্দাদের মতে, এই নিখুঁত ও ক্ষিপ্রগতির চুরির ধরন গত বছর প্যারিসের ল্যুভর মিউজিয়ামে হওয়া ৮৮ মিলিয়ন ইউরোর গয়না চুরির ঘটনার কথা মনে করিয়ে দিচ্ছে।

জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, উন্নত অ্যালার্ম সিস্টেম এবং সিসিটিভি সক্রিয় থাকায় চোরেরা হয়তো আরও বড় ধরনের ক্ষয়ক্ষতি করতে পারেনি। বর্তমানে ইতালির বিশেষায়িত সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষা বাহিনী এবং স্থানীয় পুলিশ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করেছে। আন্তর্জাতিক কোনো ‘সংগঠিত অপরাধী চক্র’ এই নিখুঁত চুরির পেছনে কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে। এই চুরির ঘটনায় ইউরোপের শিল্পবোদ্ধা ও নিরাপত্তা মহলে ব্যাপক চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version