ইতালির রাজধানী রোমের সেন্টোসেল এলাকায় সহিংসতার ঘটনা ঘটেছে। একটি মিনিমার্কেটে ঢুকে বিনামূল্যে বিয়ার দাবি করে না পাওয়ায় ৫৩ বছর বয়সী এক বাংলাদেশি মালিকের মাথায় কাঁচের বোতল দিয়ে আঘাত করে এক স্থানীয় ইতালীয় নাগরিক। এই ঘটনায় মালিকসহ আরও এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।
গত সোমবার (২রা মার্চ) বিকেলে পিয়াজ্জালে ডেলে গার্ডেনির একটি মিনিমার্কেটে ৪৮ বছর বয়সী এক রোমান ব্যক্তি প্রবেশ করেন। প্রত্যক্ষদর্শীদের মতে, ওই ব্যক্তি দোকান থেকে বিনামূল্যে বিয়ার দাবি করেন। দোকানের মালিক ৫৩ বছর বয়সী বাংলাদেশি নাগরিক তা দিতে অস্বীকৃতি জানালে ওই ব্যক্তি উত্তেজিত হয়ে পড়েন এবং হাতে থাকা কাঁচের বোতল দিয়ে মালিকের মাথায় সজোরে আঘাত করেন। এ সময় বাধা দিতে এলে দোকানে উপস্থিত থাকা অপর এক ৩৭ বছর বয়সী বাংলাদেশির মুখেও ওই ব্যক্তি ঘুষি মারেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ক্যারাবিনিয়েরি পুলিশ। তবে হামলাকারী ব্যক্তিটি এতটাই উগ্র অবস্থায় ছিলেন যে তিনি পুলিশ সদস্যদের ওপরও ঝাঁপিয়ে পড়েন।
আহত দুই বাংলাদেশিকে জরুরি ভিত্তিতে উদ্ধার করে ভ্যানিনি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাদের অবস্থাকে ‘ইয়েলো কোড’ হিসেবে চিহ্নিত করলেও বর্তমানে তারা শঙ্কামুক্ত বলে জানানো হয়েছে। অন্যদিকে, হামলাকারী ব্যক্তির অতিরিক্ত উত্তেজনার কারণে চিকিৎসকরা তাকে সিডেটিভ দিয়ে ঘুম পাড়িয়ে দেন এবং তাকে পের্টিনি হাসপাতালের মানসিক বিভাগে ভর্তি করা হয়েছে।
