পর্তুগালের কোইমব্রা জেলার কান্তানহেদি শহরের একটি শপিং সেন্টারে গত শুক্রবার (৬ মার্চ) শেষ রাতে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা অত্যন্ত পরিকল্পিতভাবে শপিং সেন্টারের ছাদ ফুটো করে ভেতরে প্রবেশ করে একটি জুয়েলারি দোকান ও একটি স্টেশনারি দোকান থেকে বিপুল পরিমাণ সম্পদ লুট করে নিয়ে যায়।
পর্তুগালের ন্যাশনাল রিপাবলিকান গার্ড জানিয়েছে, কান্তানহেদি শহরের ‘ফ্রেইশিয়াল শপিং’ সেন্টারের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দুইজন মুখোশধারী ব্যক্তি ভবনের ছাদ ভেঙে ভেতরে প্রবেশ করছে। কোইমব্রা জিএনআর-এর মেজর ক্লাউদিও লোপেস সংবাদমাধ্যমকে জানান, দোকান মালিকদের দেওয়া তথ্য অনুযায়ী চোররা প্রায় ৩ লক্ষ ৪৫ হাজার ইউরো মূল্যের মালামাল ও নগদ অর্থ নিয়ে পালিয়ে গেছে। তবে তদন্ত শেষে ক্ষয়ক্ষতির এই পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ‘ফেইতিও জোইয়াস’ নামক জুয়েলারি দোকান থেকে প্রায় ৩ লক্ষ ৩০ হাজার ইউরো মূল্যের সোনা ও রূপার গয়না এবং ‘কিয়স্কে’ নামক স্টেশনারি দোকান থেকে নগদ ১৫ হাজার ইউরো লুট হয়েছে। সকালে দোকান মালিকরা এসে দোকানগুলো লণ্ডভণ্ড অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। বর্তমানে পর্তুগিজ জুডিশিয়াল পুলিশ সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।
বিদেশে অবস্থানরত বাংলাদেশী ব্যবসায়ী ভাইদের এই ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার অনুরোধ।
