সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬   |   ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পর্তুগালের ডানপন্থী রাজনৈতিক দল চেগার ন্যাশনাল ডিরেক্টরেটের প্রধান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন আন্দ্রে ভেনচুরা। রোববার (২২ নভেম্বর) দলের সপ্তম জাতীয় সম্মেলনে তাঁর নেতৃত্বাধীন প্যানেল ৮৫.৬৬ শতাংশ ভোট পেয়েছে।

এস্ত্রেমোঙ্কায় অনুষ্ঠিত সম্মেলনের সমাপনী অধিবেশনে ফল ঘোষণা করা হয়। দলের নির্বাচনী বিধি অনুযায়ী, নেতৃত্ব নির্বাচনে জিততে প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ ভোটের চেয়ে বেশি ভোট পেয়েছে ভেনচুরার প্যানেল।

নির্বাচনে আগের নেতৃত্বের পুরো দলই ধরে রেখেছেন ভেনচুরা। তাঁর দলের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য আন্তোনিও তানগের কোরেয়া এবং পর্তুগালের পার্লামেন্ট সদস্য পেদ্রো ফ্রাজাও ও মার্তা ত্রিনদাদে।

এ ছাড়া পার্লামেন্টে দলের সংসদীয় গ্রুপের নেতা পেদ্রো পিন্টো এবং পার্লামেন্ট সদস্য রুই পাওলো সুজা সাধারণ সম্পাদকীয় কার্যক্রমের দায়িত্বে ডেপুটি সদস্য হিসেবে বহাল থাকছেন।

অন্য ডেপুটি সদস্যরা হলেন পার্লামেন্ট সদস্য পাত্রিসিয়া কারভালহো, রিতা মাতিয়াস, রিকার্দো রেগাল্লা এবং পর্তুগিজ পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট ডিওগো পাচেকো দে আমোরিম।

তবে এবারের সম্মেলনে ভেনচুরার সমর্থন আগের তুলনায় কমেছে। ২০২৪ সালের জানুয়ারিতে দলের আগের জাতীয় সম্মেলনে তাঁর প্যানেল ৯০.২ শতাংশ ভোট পেয়েছিল।

দলের জুরিসডিকশন কাউন্সিল নির্বাচনে ভেনচুরার প্যানেল পেয়েছে ৭০.৯ শতাংশ ভোট। অন্যদিকে আইনজীবী মাইজা কনসেন্তিনোর নেতৃত্বাধীন বিকল্প প্যানেল পেয়েছে ১৯.০২ শতাংশ ভোট। ফলে কাউন্সিলে কোনো আসন পায়নি তারা।

সম্মেলনে দলের ন্যাশনাল কাউন্সিল ও কনভেনশন বোর্ডও নির্বাচিত হয়েছে। কনভেনশন বোর্ড নির্বাচনে ৮২.৪ শতাংশ ভোট পেয়েছে নির্বাচিত প্যানেল।

বোর্ডের চেয়ারম্যান হিসেবে আবারও দায়িত্ব পেয়েছেন জোয়াও লোপেস আলেইশো। ভাইস প্রেসিডেন্ট হয়েছেন ফেলিসিদাদে ভিতাল। আর সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন পেদ্রো মিগেল পিন্টো ও নুনো গোমেস দে আরাউজো।

এর আগে পর্তুগালের সাংবিধানিক আদালতের একাধিক রায়ে চেগার অভ্যন্তরীণ বেশ কিছু সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করা হয়। এর মধ্যে ভিয়ানা দো কাস্তেলোতে অনুষ্ঠিত আগের সম্মেলনে দলের জাতীয় কমিটিগুলোর নির্বাচনও ছিল। এসব আইনি ও প্রক্রিয়াগত জটিলতা নিরসনের উদ্দেশ্যেই বিশেষ এ সম্মেলনের আয়োজন করা হয়।

তিন বছর মেয়াদি জাতীয় নেতৃত্বের কমিটিগুলোর নির্বাচন রোববার সকালে সান্তারেম জেলার এস্ত্রেমোঙ্কার মিউনিসিপ্যাল প্যাভিলিয়নে গোপন ব্যালটে অনুষ্ঠিত হয়।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version