মঙ্গলবার, ২৪ই নভেম্বর, ২০২৬   |   ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ও প্রাণবন্ত ১০টি সড়কের তালিকায় জায়গা করে নিয়েছে পর্তুগালের রাজধানী লিসবনের একটি সড়ক। ভ্রমণ ও জীবনধারাবিষয়ক সাময়িকী ‘টাইম আউট’-এর ২০২৬ সালের বৈশ্বিক তালিকায় রুয়া দো ফোর্নো দো তিজোলো অষ্টম স্থান অর্জন করেছে।

লিসবনের প্রাণবন্ত আনজোস এলাকায় অবস্থিত সড়কটি ঐতিহ্যবাহী ব্যবসাপ্রতিষ্ঠান, আধুনিক ক্যাফে, রেস্তোরাঁ ও সৃজনশীল কর্মকাণ্ডের জায়গার সমন্বয়ের জন্য প্রশংসিত হয়েছে। এসব আয়োজনের মধ্য দিয়ে পর্তুগালের রাজধানীর পরিবর্তনশীল নগরজীবনের চিত্র ফুটে উঠেছে।

প্রতিবছর টাইম আউটের স্থানীয় সম্পাদক ও বিশেষজ্ঞরা নিজ নিজ শহরের এমন সব সড়কের নাম প্রস্তাব করেন, যেগুলো শহরের স্বতন্ত্র বৈশিষ্ট্য ও জীবনযাত্রার প্রতিফলন ঘটায়। খাবার ও পানীয়, কেনাকাটা, রাতের বিনোদন, পরিবেশ, সামাজিক বন্ধন এবং স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানের স্বাতন্ত্র্যসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে চূড়ান্ত তালিকা তৈরি করা হয়।

লিসবনের ঐতিহ্যবাহী পাড়ার সংস্কৃতির সঙ্গে আধুনিক বিভিন্ন আয়োজনের সমন্বয় ঘটিয়ে নজর কেড়েছে রুয়া দো ফোর্নো দো তিজোলো।

১৮ শতকের মাঝামাঝি সময় পর্যন্ত এই এলাকায় টাইলস ও ইট তৈরির ভাটা ছিল। সেখান থেকেই সড়কটির নামকরণ। বর্তমানে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটকদের কাছেও জনপ্রিয় হয়ে উঠেছে এটি।

সড়কটির উল্লেখযোগ্য কয়েকটি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সৃজনশীল স্যান্ডউইচের জন্য পরিচিত ‘টোস্তা’, তাইওয়ানিজ ধাঁচের কেক পরিবেশনকারী ‘তাইয়াকি ক্যাফে’ এবং বিশেষায়িত কফির দোকান ‘থ্যাংক ইউ মামা’।

এখানে এখনো টিকে আছে বেশ কিছু ঐতিহ্যবাহী ব্যবসাপ্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে প্রায় ৬০ বছরের পুরোনো নরসুন্দর প্রতিষ্ঠান ‘সালাওঁ পেইশ’ এবং ভিনটেজ নিটওয়্যার বিক্রির দোকান ‘আরমাজেম দাশ মালিয়াশ’। প্রতিষ্ঠাতার নাতি-নাতনিরা দোকানটি নতুন করে সাজিয়ে তুলছেন।

সন্ধ্যায় সময় কাটানোর জন্য ‘ইম্পেরিয়াল গার্ডেন’ ও ‘ও প্রিমো দো কেজু’ নামের দুটি জায়গার কথা উল্লেখ করেছে টাইম আউট। নিরিবিলি বাগানঘেরা পরিবেশের জন্য পরিচিত ইম্পেরিয়াল গার্ডেন। অন্যদিকে, পর্তুগিজ খাবার ও পানীয়ের জন্য জনপ্রিয় ও প্রিমো দো কেজু। বিশেষ করে সেরা পনির ও শুকনো মাংসের স্যান্ডউইচের জন্য পরিচিত প্রতিষ্ঠানটি।

এ ছাড়া রয়েছে ‘গ্রেনাশ দ্য বিস্ত্রো’, সম্প্রতি চালু হওয়া ‘পাপো রোক্সো’ বার এবং ‘তিজোলো’। আগে ব্যক্তিগত স্টুডিও হিসেবে ব্যবহৃত হলেও বর্তমানে প্রতিষ্ঠানটি সহকর্মীদের কাজের জায়গা (কো-ওয়ার্কিং স্পেস) ও মৃৎশিল্পের দোকান হিসেবে পরিচালিত হচ্ছে।

শীর্ষে ব্যাংককের সড়ক

২০২৬ সালের তালিকায় প্রথম স্থান পেয়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ‘সং ওয়াত রোড’। ঐতিহ্যবাহী বাণিজ্যিক সড়কটি পুরোনো ব্যবসাপ্রতিষ্ঠান ধরে রেখেই নতুন সৃজনশীল কর্মকাণ্ডের কেন্দ্র হয়ে উঠেছে।

দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাজ্যের লন্ডনের ‘গোলবোর্ন রোড’। তৃতীয় স্থানে আর্জেন্টিনার বুয়েনস এইরেসের ‘ফার্নান্দেজ দে এনসিসো’।

তালিকায় জায়গা পাওয়া পর্তুগালের একমাত্র সড়ক রুয়া দো ফোর্নো দো তিজোলো। নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, কিয়োটো ও সিডনির পরিচিত বিভিন্ন সড়ককেও পেছনে ফেলেছে এটি।

২০২৬ সালে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ১০ সড়ক

১. সং ওয়াত রোড — ব্যাংকক, থাইল্যান্ড
২. গোলবোর্ন রোড — লন্ডন, যুক্তরাজ্য
৩. ফার্নান্দেজ দে এনসিসো — বুয়েনস এইরেস, আর্জেন্টিনা
৪. ভাসানকাতু — হেলসিঙ্কি, ফিনল্যান্ড
৫. নিল রোড — সিঙ্গাপুর
৬. বুলভার সাঁ-লোরাঁ — মন্ট্রিয়ল, কানাডা
৭. আপার লাসকার রো — হংকং
৮. রুয়া দো ফোর্নো দো তিজোলো — লিসবন, পর্তুগাল
৯. বিচ স্ট্রিট — জর্জ টাউন, মালয়েশিয়া
১০. কার্ল-হাইনে-শ্ট্রাসে — লাইপজিগ, জার্মানি

শেয়ার
মতামত দিন...

Exit mobile version