পর্তুগালের আলবুফেইরা শহরে ‘নভো বাঙ্কো’ (Novo Banco) ব্যাংকের একটি শাখায় সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে। মাত্র তিন দিনের ব্যবধানে পর্তুগিজ এই ব্যাংকটিতে এটি দ্বিতীয় সশস্ত্র ডাকাতির ঘটনা।
সংবাদমাধ্যম এসআইসি নোটিসিয়াসের বরাতে জানা গেছে, শুক্রবার দুপুরে গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারীরা যখন ব্যাংকের ভেতরে উপস্থিত ছিলেন, তখনই অন্তত একজন সশস্ত্র ডাকাত শাখাটিতে প্রবেশ করে। সে সময় সবাইকে অস্ত্রের মুখে জিম্মি ও হুমকি দিয়ে ডাকাতি চালানো হয়।
পর্তুগালের অপরাধ তদন্ত সংস্থা ‘পলিশিয়া জুডিশিয়ারিয়া’র (পিজে) একটি সূত্র নোটিসিয়াস আও মিনুতোকে জানিয়েছে, তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা তথ্য সংগ্রহ করছেন এবং ঘটনাস্থলে ফরেনসিক পরীক্ষা চালাচ্ছেন। এ ছাড়া দেশটির ন্যাশনাল রিপাবলিকান গার্ড (জিএনআর) নিশ্চিত করেছে যে, আগ্নেয়াস্ত্রের ব্যবহারের কারণে মামলাটির তদন্তভার সরাসরি পিজের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘটনায় কী পরিমাণ অর্থ লুট হয়েছে তা এখনো স্পষ্ট নয় এবং সন্দেহভাজন ডাকাত বা ডাকাতদের পরিচয় সম্পর্কেও বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
এর মাত্র দুই দিন আগে গত বুধবার (১৮ নভেম্বর) সকালে সেতুবাল জেলার পালমেলা এলাকায় নভো বাঙ্কোর আরেকটি শাখায় একই ধরনের ডাকাতির ঘটনা ঘটেছিল।
প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে লারগো দো শাফারিজ এলাকার ওই শাখায় দুজন অস্ত্রধারী ব্যক্তি প্রবেশ করে। তারা আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে কর্মকর্তা ও গ্রাহকদের ভয়ভীতি দেখায়। ডাকাতি চালানোর সময় দুর্বৃত্তরা ব্যাংকের কর্মীদের ভল্টের (লকার রুম) ভেতরে আটকে রাখে বলে জানা গেছে।
সেখান থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ লুট করে পালিয়ে যায় ডাকাত দল। সেতুবালের পিজে বর্তমানে সেই ডাকাতির ঘটনাটিও তদন্ত করছে।
