শুক্রবার, ২৮ই আগস্ট, ২০২৬   |   ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

পর্তুগালের উত্তরাঞ্চলীয় শহর লেসা দা পালমেইরা-তে আত্মহত্যার উদ্দেশ্যে নদীতে ঝাঁপ দেওয়া ২৬ বছর বয়সী এক যুবককে বাঁচাতে নিজের জীবন বাজি রেখে নদীতে ঝাঁপ দিয়েছেন এক পুলিশ কর্মকর্তা। গত রবিবার এই রোমহর্ষক ও মানবিক উদ্ধারের ঘটনা ঘটে।

পর্তুগালের পাবলিক সিকিউরিটি পুলিশ জানিয়েছে, লেসা মোবাইল ব্রিজে এক যুবকের আত্মহত্যার উদ্দেশ্যে নদীতে ঝাঁপ দেওয়ার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

উদ্ধার অভিযানের বর্ণনা দিয়ে পিএসপি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছে, ‘পরিস্থিতির ভয়াবহতা ও জরুরি অবস্থা বিবেচনা করে, আমাদের একজন কর্মকর্তা কোনো দ্বিধা না করে তাৎক্ষণিকভাবে নিজের পরনের ইউনিফর্ম খুলে নদীতে ঝাঁপিয়ে পড়েন।’

পুলিশ বাহিনী আরও যোগ করে, ‘অসীম সাহস ও আত্মত্যাগের পরিচয় দিয়ে ওই কর্মকর্তা ডুবন্ত যুবকের কাছে পৌঁছান, তাঁকে উদ্ধার করেন এবং মেরিন পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগ পর্যন্ত তাঁকে পানির ওপরে নিরাপদে ধরে রাখতে সক্ষম হন।’

পরবর্তীতে মেরিন পুলিশের সহায়তায় ওই যুবককে পানি থেকে ওপরে তুলে আনা হয়। ব্রিজের ওপর থেকে নিচে পড়ার তীব্র আঘাতে তাঁর শরীরের ভেতরে হাড় ভেঙে যাওয়ার (অভ্যন্তরীণ ফ্র্যাকচার) আশঙ্কায় ঘটনাস্থলেই জরুরি মেডিকেল টিম তাঁকে প্রাথমিক চিকিৎসা দেয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত পেড্রো হিস্পানো হাসপাতালে ভর্তি করা হয়।

সাহসী ওই কর্মকর্তার ‘উচ্চতর দায়িত্ববোধ, পরার্থপরতা এবং দ্রুত হস্তক্ষেপের’ ভূয়সী প্রশংসা করেছে পিএসপি পুলিশ। বাহিনীটি জানিয়েছে, তাঁর এই সাহসী পদক্ষেপ ‘জনগণের সেবা করা, রক্ষা করা এবং জীবন বাঁচানো’র প্রতি পুলিশের অঙ্গীকারকে সম্মানিত করেছে।

এই ঘটনার সূত্র ধরে পিএসপি পুলিশ সাধারণ মানুষের কাছে একটি বিশেষ মানবিক আবেদন জানিয়েছে। তারা বলেছে, কেউ যদি মানসিক স্বাস্থ্য সংকটে ভোগেন কিংবা তাঁর পরিচিত কেউ এমন বিষণ্নতায় থাকেন, তবে যেন তারা অবশ্যই সাহায্য চান। পুলিশ জোর দিয়ে বলেছে, ‘সাহায্য চাওয়া দুর্বলতা নয়, বরং এটি একটি সাহসিকতার কাজ।’

পর্তুগালে জরুরি প্রয়োজনে সাহায্য পাওয়ার ঠিকানা:

যেকোনো জরুরি জীবনহানিকর পরিস্থিতিতে ইউরোপীয় জরুরি নম্বর ১১২-এ কল করুন।

বিষণ্নতা, আত্মহত্যার চিন্তা বা মানসিক সংকটের মুখোমুখি হলে পর্তুগালের জাতীয় স্বাস্থ্যসেবা ‘SNS 24’-এর মানসিক স্বাস্থ্য সহায়তা লাইনে ৮০৮ ২৪ ২৪ ২৪ নম্বরে যোগাযোগ করুন।

এছাড়া গোপনীয়তা রক্ষা করে মানসিক সান্ত্বনা ও পরামর্শ দেওয়ার জন্য পর্তুগালে বেশ কয়েকটি হেল্পলাইন চালু রয়েছে, যেমন—‘SOS Voz Amiga’ (২১৩ ৫৪৪ ৫৪৫), ‘Telefone da Amizade’ (২২৮ ৩২৩ ৫৩৫) এবং ‘Voz de Apoio’ (২২৫ ৫০৬ ০৭০)।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version