মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬   |   ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

পোর্তোর বাংলাদেশি প্রবাসীদের অন্যতম সংগঠন বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর চতুর্থ ত্রিবার্ষিক ৬৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে শহরের রয়েল প্যালেস রেস্টুরেন্টে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২০০৭ সালে প্রতিষ্ঠিত ও পর্তুগাল সরকার কর্তৃক অনুমোদিত এ সংগঠনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শাহ আলম কাজল এবং সাধারণ সম্পাদক হয়েছেন আব্দুল আলীম।

অনুষ্ঠানের শুরুতে প্রধান উপদেষ্টা মোশারফ হোসেন কিরণ সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নজরুল ইসলাম শরিফ এবং সঞ্চালনা করেন মো. আরাফাত হোসেন।

নবগঠিত কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়েছেন- এসেম্বলির প্রেসিডেন্ট শাহ জামাল আজাদ, এসেম্বলির সেক্রেটারি কফিল উদ্দিন ভূঁইয়া, উপদেষ্টা মনিরুল ইসলাম ও আবুল কালাম আজাদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাব্বাত আলম টিপু, সহসাধারণ সম্পাদক নাবিয়ান আজিজ বেলাল, অডিট কমিটির প্রেসিডেন্ট পিন্টু প্রধান এবং সাংগঠনিক সম্পাদক মাছুম রহমান। এছাড়া পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য সদস্যরা বিভিন্ন দায়িত্বে রয়েছেন।

সমাপনী বক্তব্যে নবনির্বাচিত সভাপতি শাহ আলম কাজল ও সাধারণ সম্পাদক আব্দুল আলীম দল-মত নির্বিশেষে সবাইকে একত্রিত হয়ে প্রবাসীদের কল্যাণে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, সংগঠনের মূল লক্ষ্য হবে পোর্তো প্রবাসীদের স্বার্থরক্ষা, ঐক্য সুদৃঢ় করা এবং সামাজিক-সাংস্কৃতিক কার্যক্রমকে আরও গতিশীল করা। এ সময় তারা আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালনের পরিকল্পনার কথাও তুলে ধরেন।

অনুষ্ঠানের শেষে উপস্থিত অতিথিদের বিশেষ ডিনারের মাধ্যমে আপ্যায়ন করা হয়। পুরো আয়োজন ছিল আন্তরিকতা ও সৌহার্দ্যে ভরপুর।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version