শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬   |   ২৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

পর্তুগালের রেস্তোরাঁ খাতে উচ্চ মূল্যস্ফীতির ধারা অব্যাহত রয়েছে; যার প্রভাবে সাধারণ পর্তুগিজদের বাইরে খাওয়ার খরচ তীব্র গতিতে বাড়ছে। এমনকি দেশটির অন্যতম জনপ্রিয় ও ঐতিহ্যবাহী খাবার ‘ফ্রান্সেসিনহা’ও (Francesinha) এখন অনেকের নাগালের বাইরে চলে যাচ্ছে।

পোর্তো শহরে রেস্তোরাঁয় বসে খাওয়ার ক্ষেত্রে একটি ঐতিহ্যবাহী ফ্রান্সেসিনহার মধ্যক বা মিডিয়ান মূল্য দাঁড়িয়েছে ১৩ দশমিক ৩০ ইউরো (গড়ে ১২.৯৭ ইউরো)। তবে অনলাইন ডেলিভারি অ্যাপের মাধ্যমে অর্ডার করলে এর দাম ২০ ইউরোরও বেশি ছাড়িয়ে যেতে পারে। রাজধানী লিসবনে ডেলিভারি প্ল্যাটফর্মে এর খরচ আরও বেশি; যেখানে মিডিয়ান মূল্য ১৫ দশমিক ৯৫ ইউরো।

পর্তুগিজ পোর্টাল boaescolha.pt-এর প্রকাশিত ‘ফ্রান্সেসিনহা ইনডেক্স ২০২৬’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ২০২৬ সালের ৩০ অক্টোবর পর্যন্ত রেস্তোরাঁর মেন্যু, বিশেষায়িত গাইড এবং ডেলিভারি প্ল্যাটফর্ম থেকে সংগৃহীত তথ্যের সঙ্গে জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটের (আইএনই) তথ্য মিলিয়ে এই বিশ্লেষণ তৈরি করা হয়েছে।

জীবনযাত্রার সামগ্রিক ব্যয় বৃদ্ধির পটভূমিতেই খাবারের এই দাম বাড়ছে। আইএনই-এর তথ্য অনুযায়ী, ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের সেপ্টেম্বরের মধ্যে রেস্তোরাঁ ও ক্যাফেগুলোতে খাবারের দাম সম্মিলিতভাবে বেড়েছে ৪৭ দশমিক ৬ শতাংশ; যা একই সময়ে সামগ্রিক ভোক্তা মূল্য সূচকের (সিপিআই) প্রবৃদ্ধি ২৪ দশমিক ২ শতাংশের প্রায় দ্বিগুণ।

২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত বিগত এক বছরেও এই ঊর্ধ্বমুখী ধারা বজায় রয়েছে। এ সময়ে সাধারণ মূল্যস্ফীতি ৩ দশমিক ৬ শতাংশ হলেও রেস্তোরাঁ খাতে মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ৮ শতাংশ।
বৃহত্তর লিসবন অঞ্চলে রেস্তোরাঁ ও আবাসন খাতে দাম বেড়েছে ৫৪ শতাংশ (যেখানে আঞ্চলিক মূল্যস্ফীতি ছিল ২৬ শতাংশ) এবং উত্তরাঞ্চলে বেড়েছে ৪৯ দশমিক ৫ শতাংশ (আঞ্চলিক মূল্যস্ফীতি ২৪.৯ শতাংশ)। তবে গত তিন বছরের চিত্রে উভয় অঞ্চলেই প্রবৃদ্ধি প্রায় সমান ছিল—রাজধানীতে ২১ শতাংশ এবং উত্তরাঞ্চলে ২১ দশমিক ৩ শতাংশ।

পোর্তোর বাজারে সশরীরে সেবা দেওয়া ১১টি রেস্তোরাঁ বিশ্লেষণে বড় ধরনের ফারাক দেখা গেছে। সবচেয়ে কম দামে খাবার পাওয়া গেছে ‘কাসা দে পাস্তো ও গলফিনহো’তে (৯.৪০ ইউরো) এবং সবচেয়ে বেশি ছিল ‘ক্যাফে সান্তিয়াগো’তে (১৬.৮০ ইউরো)।

তবে অনলাইন প্ল্যাটফর্মে খাবারের দাম বাড়ার প্রবণতা আরও বেশি মারাত্মক। গ্লোভো (Glovo) প্ল্যাটফর্মের ৪২টি রেস্তোরাঁ পর্যালোচনায় দেখা গেছে, ফ্রান্সেসিনহার মিডিয়ান মূল্য ১৪ দশমিক ৪৩ ইউরো; যা সরাসরি রেস্তোরাঁয় খাওয়ার চেয়ে প্রায় ৮ শতাংশ বেশি। এর দাম ‘নোভো ওপোরতো’তে ৯ ইউরো থেকে শুরু করে ‘আলিকান্তিনা’র আলুসহ বিশেষ সংস্করণে ২১ দশমিক ৪০ ইউরো পর্যন্ত পৌঁছেছে। এর মধ্যে ডেলিভারি চার্জ অন্তর্ভুক্ত নয়।

একই দিনে একই রেস্তোরাঁর সরাসরি ও অনলাইনের দামে বড় ব্যবধান চোখে পড়েছে। যেমন, ‘ইউকো ট্যাভার্ন’-এর নিজস্ব ওয়েবসাইটে ঐতিহ্যবাহী ফ্রান্সেসিনহার দাম যেখানে ১১ দশমিক ৫০ ইউরো, গ্লোভো অ্যাপে সেটির দাম ধরা হয়েছে ১৬ ইউরো; অর্থাৎ অ্যাপে দাম বেড়েছে প্রায় ৩৯ শতাংশ!

লিসবনে গ্লোভোর ১০টি রেস্তোরাঁ পর্যালোচনায় ফ্রান্সেসিনহার মিডিয়ান মূল্য পাওয়া গেছে ১৫ দশমিক ৯৫ ইউরো (পোর্তোর চেয়ে ১.৫০ ইউরো বেশি)। এখানে ‘ডম তাচো’তে ১২ ইউরো থেকে শুরু করে ‘কান্তিনহো দো সল’-এ এর দাম ১৯ দশমিক ৩৭ ইউরো পর্যন্ত দেখা গেছে।

দীর্ঘমেয়াদি দাম বৃদ্ধির একটি বড় উদাহরণ পোর্তোর বাইশার ‘সান্তা ফ্রান্সেসিনহা’। ২০২১ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের অক্টোবরের মধ্যে এই রেস্তোরাঁয় ‘এস্পেসিয়ালিসিমা’র দাম ১০ দশমিক ৯০ ইউরো থেকে বেড়ে হয়েছে ১৩ দশমিক ৮০ ইউরো (বৃদ্ধি ২৭%), ‘সান্তা ফ্রান্সেসিনহা’র দাম ১৪ দশমিক ৫০ থেকে বেড়ে ১৯ দশমিক ৮০ ইউরো (বৃদ্ধি ৩৭%) এবং হাতে তৈরি সাধারণ ফ্রান্সেসিনহার দাম ৫ দশমিক ৯০ ইউরো থেকে বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৯০ ইউরোতে (বৃদ্ধি ৫১%)। এই পাঁচ বছরে ওই রেস্তোরাঁর সামগ্রিক মেন্যুর দাম বেড়েছে ৩৪ শতাংশ, যেখানে জাতীয় মূল্যস্ফীতি ছিল ২২ শতাংশ।

মূল্যের চরম ওঠানামার কারণে ‘ডিশ অব দ্য ডে’ বা দৈনিক বিশেষ খাবারের কোনো সূচক তৈরি করা সম্ভব হয়নি; কারণ লিসবনের একটি সাধারণ তাসকায় যা ৪ দশমিক ৯০ ইউরোতে মেলে, বিভিন্ন হোটেলের এক্সিকিউটিভ মেন্যুতে তা ২০ ইউরো ছাড়িয়ে যায়। তবে পোর্তোর ‘ট্যাভার্না দো বোনজার্দিম’-এর কথা আলাদাভাবে উল্লেখ করা হয়েছে, যেখানে পুরো সেট মেন্যু এখনো প্রায় ৯ ইউরোতেই পাওয়া যায়।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version