পর্তুগালে দেখা যাবে শতাব্দীর সবচেয়ে বড় সূর্যগ্রহণ। চাঁদ, পৃথিবী ও সূর্যের সরলরেখায় অবস্থানের ফলে কয়েক মিনিটের জন্য সূর্যের আলো আংশিক বা পুরোপুরি ঢেকে যাবে, এমন বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনাই সূর্যগ্রহণ।
আগামী ১২ আগস্ট ২০২৬ সালে গত ১১৪ বছরের মধ্যে সবচেয়ে বড় পূর্ণ সূর্যগ্রহণ সংঘটিত হবে, যা পর্তুগাল থেকে দৃশ্যমান হবে। স্থানীয় সংবাদমাধ্যম এনআইটির তথ্য অনুযায়ী, গ্রহণের সময় সূর্যের আচ্ছাদন (অবস্কিউরেশন) থাকবে প্রায় ৯২ থেকে ১০০ শতাংশ। তবে পূর্ণ সূর্যগ্রহণ পুরোপুরি দেখতে হলে যেতে হবে ব্রাগানসা জেলার মন্তেজিনিও ন্যাচারাল পার্কে। দেশের অন্যান্য অঞ্চলে গ্রহণটি আংশিকভাবে দেখা যাবে।
পর্তুগালে সর্বশেষ পূর্ণ সূর্যগ্রহণ দেখা গিয়েছিল ১৯১২ সালে। ২০২৬ সালের এই গ্রহণের পর আবার পূর্ণ সূর্যগ্রহণ দেখতে অপেক্ষা করতে হবে ২১৪৪ সাল পর্যন্ত।
এমন বিরল দৃশ্য দেখার আগ্রহ থাকলেও বিশেষজ্ঞরা সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। খালি চোখে বা সাধারণ সানগ্লাস ব্যবহার করে সূর্যের দিকে তাকালে চোখের মারাত্মক ক্ষতি হতে পারে। তাই গ্রহণ দেখার সময় অবশ্যই বিশেষ সুরক্ষিত চশমা ব্যবহার করতে হবে।
