শুক্রবার, ১৫ই মে, ২০২৬   |   ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দীর্ঘ শীতের জড়তা কাটিয়ে পর্তুগালে অবশেষে ফিরছে কাঙ্ক্ষিত উষ্ণ আবহাওয়া। ইস্টার সপ্তাহের শুরুতেই দেশটির আকাশ পরিষ্কার হয়ে উঠছে এবং তাপমাত্রার পারদ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। পর্তুগালের আবহাওয়া সংস্থা ‘লুইসা’ কে দেওয়া এক সাক্ষাৎকারে আবহাওয়াবিদ আঞ্জেলা লুরেনসো জানিয়েছেন, আগামী মঙ্গলবার ও বুধবার দেশটির তাপমাত্রা সর্বোচ্চ ২৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে, যা এই বছরের এখন পর্যন্ত সর্বোচ্চ।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহের মঙ্গলবার ও বুধবার হবে বছরের অন্যতম উষ্ণতম দিন। বিশেষ করে পর্তুগালের দক্ষিণ ও মধ্যাঞ্চলের আলগার্ভ, আলেন্টেজো, টেগাস ভ্যালি এবং ডোরো ভ্যালি এলাকাগুলোতে তাপমাত্রা ২৩ থেকে ২৬ ডিগ্রির মধ্যে থাকবে। তবে দিনের বেলা কড়া রোদের আমেজ থাকলেও রাতের আকাশ পরিষ্কার থাকায় তাপমাত্রা ৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। ফলে দিনের বেলা পাতলা কাপড় পরলেও রাতে হালকা শীতের পোশাকের প্রয়োজন হবে।

সবচেয়ে বড় সুসংবাদ হলো, আগামী ৫ই এপ্রিল (রোববার) ইস্টার উৎসবের দিন পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ফলে প্রবাসী বাংলাদেশি এবং স্থানীয় পর্যটকেরা নির্বিঘ্নে উৎসবের আনন্দ উপভোগ করতে পারবেন। তবে উৎসব শেষ হওয়ার পরদিন অর্থাৎ ৬ই এপ্রিল (সোমবার) থেকে পুনরায় বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version