রবিবার, ২৯ই নভেম্বর, ২০২৬   |   ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে প্রায় ১০০ জন অভিবাসীবাহী একটি নৌকা উদ্ধারের পর ১৪ জনের মরদেহ পাওয়া গেছে। শুক্রবার (২৭ নভেম্বর) স্পেনের বার্তা সংস্থা ইএফই এ তথ্য জানিয়েছে।

এ অঞ্চলে অভিবাসীদের আগমন বেড়ে যাওয়ায় স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে।

বিশ্বের অন্যতম প্রাণঘাতী অভিবাসনপথ হিসেবে পরিচিত আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর ঝুঁকির বিষয়টি আবারও সামনে এনেছে এ ঘটনা। এর মধ্যেই রোববার স্পেনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনী প্রচারে অভিবাসন ইস্যু গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

ইএফই জানিয়েছে, নৌকাটি থেকে ১৪টি মরদেহ তীরে আনা হয়েছে। এর আগে স্পেনের সামুদ্রিক উদ্ধারকারী সংস্থা জানিয়েছিল, নৌকার ভেতর থেকে ৮ থেকে ১০টি মরদেহ পাওয়া গেছে। গুরুতর অবস্থায় ছয়জনকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে।

এল হিয়েরো দ্বীপের দক্ষিণে ৩৯ নটিক্যাল মাইল (৭২ কিলোমিটার) দূরে নৌকাটির সন্ধান পাওয়া যায়। পরে সেটিকে লা এস্তাকা বন্দরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল।

এদিকে, আলাদা একটি নৌকা থেকে ৮৪ জনকে দ্বীপটির লা রেস্তিঙ্গা বন্দরে নামানো হয়েছে। সেখানে অভিবাসীদের জন্য একটি অভ্যর্থনা কেন্দ্র ও অস্থায়ী হাসপাতাল রয়েছে। দ্বীপে পৌঁছানো অধিকাংশ অভিবাসীবাহী নৌকার যাত্রীদের সেখানেই প্রাথমিক সেবা দেওয়া হয়।

এক দিনে রেকর্ড ২১০০ অভিবাসীর আগমন

অক্টোবর থেকে ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীদের আগমন বেড়েছে। গত ২৫ নভেম্বর এক দিনেই রেকর্ড ২ হাজার ১০০ জন অভিবাসী দ্বীপপুঞ্জে পৌঁছান। তাঁদের অধিকাংশই আসেন এল হিয়েরো দ্বীপে। দ্বীপটির জনসংখ্যা প্রায় ১১ হাজার ৪০০।

নতুন এ ট্র্যাজেডিতে গভীর শোক ও অসহায়ত্ব প্রকাশ করেছেন ক্যানারি দ্বীপপুঞ্জের আঞ্চলিক নেতা ফার্নান্দো ক্লাভিহো। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি স্পেন সরকার ও ইউরোপীয় কমিশনের কাছে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

তিনি বলেন, ‘মানবিক সংকট এল হিয়েরোতে শুরু হয়নি; এর শুরু সেনেগাল ও গাম্বিয়ার উপকূলে। সেখানে আমাদের পদক্ষেপ নিতে হবে।’

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইউরোপে অভিবাসনের অর্থনৈতিক সুফলের অন্যতম জোরালো সমর্থক। অন্যদিকে জনমত জরিপে এগিয়ে থাকা দেশটির ডানপন্থীরা অভিবাসনের ওপর আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপের পক্ষে।

প্রতি বছর হাজার হাজার অভিবাসী অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকায় আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে স্পেনের ভূখণ্ডে পৌঁছানোর চেষ্টা করেন। উত্তাল সমুদ্র ও প্রবল স্রোতের ঝুঁকি নিয়েই তাঁদের এই যাত্রা। সাধারণত শরৎকালে সমুদ্রের পরিস্থিতি তুলনামূলক অনুকূলে থাকায় এ সময় অভিবাসীদের আগমন বাড়ে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version