ইরান ইস্যুতে ওয়াশিংটনকে সামরিক সহায়তা দেওয়ার মার্কিন দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে স্পেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক ও বাণিজ্যিক হুমকির মুখেও যুদ্ধের বিরোধিতায় অনড় অবস্থান নিয়েছে দেশটি।
বুধবার হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট দাবি করেছিলেন, ট্রাম্পের কড়া বার্তার পর স্পেন তাদের অবস্থান বদলেছে এবং মার্কিন বাহিনীকে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে। তবে এই দাবিকে সম্পূর্ণ ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস। তিনি বলেন, “আমাদের অবস্থানে এক বিন্দুও পরিবর্তন আসেনি। হোয়াইট হাউস কেন এমন দাবি করছে তা আমাদের জানা নেই।”
এর আগে মঙ্গলবার স্পেনের এই বিরোধিতার তীব্র সমালোচনা করে দেশটির সাথে সব ধরনের ব্যবসা-বাণিজ্য ও সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। তবে এমন বড় অর্থনৈতিক চাপের মুখেও মাথা নত করেনি মাদ্রিদ।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ২০০৩ সালের ইরাক যুদ্ধের তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেন, “বোমা দিয়ে বিশ্বের সব সমস্যার সমাধান করা যাবে—এমন ধারণা একটি ভুল কল্পনা।”
স্পেনের এই সাহসী অবস্থানের প্রশংসা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, এই সিদ্ধান্ত প্রমাণ করে যে পশ্চিমে এখনও বিবেক ও নৈতিকতা বেঁচে আছে। ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশগুলো সরাসরি হামলার বিরোধিতা না করলেও, স্পেন শুরু থেকেই গাজা ও ইরান ইস্যুতে শান্তিকামী ও স্পষ্ট অবস্থান বজায় রেখেছে।
