সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬   |   ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠতা ইউরোপের নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের ভাষ্যকার স্টিভ ব্লুমফিল্ড। তাঁর মতে, ইউক্রেন যুদ্ধের পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশের নির্বাচনও মহাদেশটির ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দ্য গার্ডিয়ানে প্রকাশিত বিশ্লেষণে এস্তোনিয়ার উদাহরণ তুলে ধরে ব্লুমফিল্ড লিখেছেন, ১৯৪০ সালে সোভিয়েত ইউনিয়নের দখলে যাওয়ার পর দীর্ঘ ৫১ বছর স্বাধীনতা হারিয়েছিল দেশটি। রাশিয়ার সম্ভাব্য আগ্রাসন থেকে নিজেদের সুরক্ষায় এখন ন্যাটো জোটকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে এস্তোনিয়া।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী মারগুস সাহকনা বলেছেন, এস্তোনিয়ার সমাজে ভয় তৈরি করাই রাশিয়ার বিভিন্ন ধরনের হামলা ও হস্তক্ষেপের উদ্দেশ্য। তাঁর মতে, ন্যাটোর সদস্য না হলে এস্তোনিয়ার পক্ষে স্বাধীনতা রক্ষা করা কঠিন হতো।

ব্লুমফিল্ডের ভাষ্য অনুযায়ী, ন্যাটোকে পূর্ব ও মধ্য ইউরোপ থেকে সেনা ও সামরিক ঘাঁটি সরিয়ে ১৯৯৭ সালের অবস্থানে ফিরিয়ে নিতে চান পুতিন। ইউক্রেন নিয়ে যেকোনো শান্তিচুক্তির সঙ্গে ইউরোপের সামগ্রিক নিরাপত্তাব্যবস্থা নিয়েও সমঝোতা করতে চাইছেন তিনি।

ট্রাম্পও সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন, ইউক্রেন যুদ্ধের সম্ভাব্য চুক্তিতে দেশটির বাইরেও গোটা ইউরোপের নিরাপত্তার বিষয় অন্তর্ভুক্ত হতে পারে। ব্লুমফিল্ডের আশঙ্কা, এমন সমঝোতা হলে নিজেদের নিরাপত্তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ইউরোপীয় দেশগুলোর স্বাধীনতা ক্ষুণ্ন হতে পারে।

এদিকে ইউরোপের বিভিন্ন দেশে ডানপন্থী দলগুলোর উত্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে মনে করেন ব্লুমফিল্ড। ফ্রান্সের ডানপন্থী নেত্রী মারিন লো পেন ইউক্রেনকে আর্থিক সহায়তা বন্ধের পক্ষে অবস্থান নিয়েছেন। জার্মানির ডানপন্থী দল অল্টারনেটিভ ফর ডয়চল্যান্ডের (এএফডি) সহনেত্রী আলিস ভাইডেলও ইউক্রেনকে সামরিক ও অর্থনৈতিক সহায়তা দেওয়ার বিরোধিতা করেছেন।

যুক্তরাজ্যের রিফর্ম ইউকে পার্টির নেতা নাইজেল ফারাজ অতীতে পুতিনের প্রশংসা করেছেন। একই সঙ্গে ইউক্রেনকে পশ্চিমা দেশগুলোর সহায়তা দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনার কথাও বলেছেন তিনি।

তবে ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখার পক্ষে অবস্থান নিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। দেশটির জন্য ইউরোপীয় সহায়তা অব্যাহত রাখতে উদ্যোগ নিচ্ছেন তিনি।

ব্লুমফিল্ডের মতে, ইউক্রেনের যুদ্ধক্ষেত্র ও শান্তি আলোচনার টেবিলের পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশের নির্বাচনের ফলও মহাদেশটির ভবিষ্যৎ নির্ধারণে বড় ভূমিকা রাখবে। ইউক্রেনকে সহায়তার বিরোধী নেতারা ক্ষমতায় এলে ট্রাম্প ও পুতিনের অবস্থান আরও শক্তিশালী হতে পারে। এতে ইউরোপের নিরাপত্তাব্যবস্থা ও রাজনৈতিক ভবিষ্যৎ নতুন করে ঝুঁকির মুখে পড়তে পারে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version