রবিবার, ১২ই জুলাই, ২০২৬   |   ২৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

এক সম্প্রদায়, এক ছন্দ আর অবিরাম স্মৃতির মেলবন্ধনে যুক্তরাজ্যের ম্যানচেস্টারের ঐতিহ্যবাহী হিটন পার্কের ডাওয়ার হাউস মেতে উঠেছিল এক বর্ণাঢ্য উৎসবে। গত ১০ জুলাই, দুপুর ৩টা থেকে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল এই ‘সামারফেস্ট’।

তবে এই আয়োজন কেবলই ঋতুভিত্তিক কোনো সাধারণ উৎসব ছিল না; এর পেছনে ছিল একটি শিক্ষা প্রতিষ্ঠানের এক দশকের গৌরবময় পথচলার গল্প। স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ‘ইউকে ম্যানেজমেন্ট কলেজ’-এর প্রতিষ্ঠার ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয় এই জমকালো সামার ফেস্টিভ্যাল। গত এক দশক ধরে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের দক্ষতা বিকাশ এবং বহুসাংস্কৃতিক পরিবেশ নিশ্চিতকরণে অনন্য ভূমিকা রেখে চলেছে এই কলেজ।

এই উৎসবের মূল আকর্ষণ ছিল সুরের মূর্ছনা। প্রবাসী বাঙালিদের শেকড়ের টানে ভাসাতে মঞ্চ মাতান বাংলাদেশের কিংবদন্তি বাউলশিল্পী শফি মণ্ডল ও বাউল ডলি মণ্ডল। তাঁদের গাওয়া মাটির গানে মেতে ওঠে পুরো উৎসব প্রাঙ্গণ। এছাড়াও সুরের জাদু ছড়ান জনপ্রিয় কণ্ঠশিল্পী সরদার হীরক রাজা, জোহরা হোসাইন জেমি, আমির হাশমি এবং প্রীতম আহমেদ। আর পুরো আয়োজনে আধুনিক ও ভিন্নধর্মী মাত্রার ছন্দ যোগ করে ব্যান্ড ‘ডায়নামিক’।

দিনব্যাপী এই আয়োজনে গান-নৃত্যের পাশাপাশি ছিল শিশুদের জন্য বিশেষ বিনোদনমূলক রাইড ও কার্যক্রম এবং হরেক রকমের ঐতিহ্যবাহী খাবারের স্টল। বহুমাত্রিক এই আয়োজনে অংশ নিয়ে একে অপরের সাথে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করেন ম্যানচেস্টারের বিভিন্ন কমিউনিটির অতিথিরা। সফল ১০ বছরের এই পথচলা আগামী দিনেও ইউকে ম্যানেজমেন্ট কলেজের অগ্রযাত্রাকে আরও অনুপ্রাণিত করবে এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেছে কলেজ কর্তৃপক্ষ।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version