বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬   |   ২৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাবাকে হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারেননি লিওনেল মেসি। বুধবার দীর্ঘ এক আবেগঘন বার্তায় প্রথমবারের মতো বাবাকে হারানোর পর নিজের অনুভূতি প্রকাশ করেন আর্জেন্টাইন মহাতারকা। সেই কঠিন সময়ে চিরপ্রতিদ্বন্দ্বী মেসির পাশে দাঁড়িয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদোও। সামাজিক যোগাযোগমাধ্যমে সংক্ষিপ্ত কিন্তু হৃদয়ছোঁয়া বার্তায় মেসি ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পর্তুগিজ তারকা।

রোনালদো লিখেছেন, ‘এই কঠিন সময়ে তোমাকে এবং তোমার পরিবারকে একটি বড় আলিঙ্গন। শক্ত থাকো, লিও!’

মেসির বাবা হোর্হে মেসি গত শুক্রবার ৬৮ বছর বয়সে মারা যান। তাঁর মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি। বাবার মৃত্যুর পর বুধবার দেওয়া দীর্ঘ বার্তায় মেসি জানান, জীবনের সবচেয়ে কঠিন এই সময়ে নিজেকে সামলাতে পারছেন না তিনি। এমনকি ফুটবল ক্যারিয়ার চালিয়ে যাওয়া নিয়েও তাঁর মনে তৈরি হয়েছে বড় ধরনের সংশয়।

মেসি লিখেছেন, ‘আমি জানি না তোমাকে ছাড়া কী করব, কীভাবে এগিয়ে যাব। আমি শুধু ফুটবল খেলেছি, আর এখন আমার গুরুতর সন্দেহ হচ্ছে যে আমি আর কতদিন এটি চালিয়ে যাব। তুমি শুরু থেকে শেষের কাছাকাছি সময় পর্যন্ত আমার পাশে ছিলে। কেন আর একটু অপেক্ষা করলে না, যাতে আমরা একসঙ্গে শেষ করতে পারতাম?’

বাবার সঙ্গে দীর্ঘ পথচলার স্মৃতিও উঠে এসেছে মেসির লেখায়। শৈশব থেকে ফুটবলের প্রতিটি ধাপে হোর্হে ছিলেন তাঁর পাশে—বাবা, বন্ধু ও প্রতিনিধি হিসেবে। মেসির ফুটবল ক্যারিয়ারের সাফল্য-ব্যর্থতার প্রতিটি মুহূর্তও তিনি কাছ থেকে দেখেছেন।

রোনালদোর পাশাপাশি মেসির এই কঠিন সময়ে সমবেদনা জানিয়েছেন আরও বেশ কয়েকজন ফুটবলার। তাঁদের মধ্যে রয়েছেন অ্যাঞ্জেল দি মারিয়া, আর্তুরো ভিদাল, হুলিয়ান সিমিওনে, রিচার্লিসন ও থিয়াগো আলমাদা।

ফুটবল মাঠে দুই মহাতারকার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা ভক্তদের মুগ্ধ করলেও, মেসির ব্যক্তিগত শোকের সময়ে রোনালদোর এই বার্তা প্রতিদ্বন্দ্বিতার ঊর্ধ্বে মানবিকতারই এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version