সোমবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬   |   ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ফিনল্যান্ড ও সুইডেন যৌথ উদ্যোগে এবং ইউরোপীয় ইউনিয়ন-এর অর্থায়নে অভিবাসীদের সহায়তায় একটি নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত মোবাইল অ্যাপ ‘ভিন্স’ চালু করা হয়েছে। এই অ্যাপটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে প্রবাসীদের জীবনকে সহজ ও স্বয়ংসম্পূর্ণ করার জন্য, যাতে তারা সরকারি তথ্য, সেবা ও কমিউনিটির সঙ্গে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে সংযুক্ত হতে পারে।

‘ভিন্স’ অ্যাপের মাধ্যমে প্রবাসীরা সহজেই পাবেন আবাসন সংক্রান্ত তথ্য, যেমন- ভাড়া, আবাসন পাওয়ার অধিকার, আবাসন সংক্রান্ত সরকারি প্রকল্প, চিকিৎসা কেন্দ্র, ডাক্তার, স্বাস্থ্যবীমা ও জরুরি সেবা, কাজের অধিকার, বেতন, চাকরি খোঁজা ও শ্রমবাজার সংক্রান্ত তথ্য, স্কুল, কলেজ, প্রফেশনাল ট্রেনিং ও ভাষা শিক্ষার তথ্য ও মাল্টিল্যাঙ্গুয়াল ইন্টারফেস যা নতুন আগমনকারীদের জন্য তথ্য সহজ করে তোলে।

এই অ্যাপটি বিশেষভাবে বড় শহর থেকে দূরে থাকা বা কাজের চাপের কারণে সরকারি অফিসে সরাসরি যেতে না পারা অভিবাসীদের জন্য কার্যকর। মোবাইল বা ট্যাবলেট ব্যবহার করে তারা ঘরে বসেই সরকারি ও অ-সরকারি তথ্য পেতে সক্ষম হবেন। এতে সময়, ভ্রমণ খরচ এবং প্রক্রিয়ার জটিলতা উল্লেখযোগ্যভাবে কমে যাবে।

প্রকল্পের ব্যবস্থাপক রিনা রিহিমাকি বলেছেন, আমাদের লক্ষ্য হলো অভিবাসীদের আত্মবিশ্বাসী করে তোলা, যাতে তারা স্বাধীনভাবে নতুন সমাজের নিয়ম-কানুন বুঝতে পারে এবং প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারে।

‘ভিন্স’ অ্যাপটির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো ‘ডিজিটাল মিটিং স্পেস’। এটি প্রবাসীদের সামাজিক বিচ্ছিন্নতা কমাতে সাহায্য করবে, স্থানীয় কমিউনিটি, অন্যান্য অভিবাসী ও সমন্বিত সহায়তা প্রদানকারী সংস্থার সঙ্গে সংযোগ তৈরি করবে ও কমিউনিটি ইভেন্ট, অনলাইন ফোরাম ও পরামর্শকের মাধ্যমে অংশগ্রহণের সুযোগ দেবে।

অ্যাপটি বিদ্যমান সরকারি সেবা বা অনলাইন পোর্টালগুলোকে প্রতিস্থাপন করবে না। বরং সেই সেবাগুলোর পরিপূরক হিসেবে কাজ করবে, যাতে অভিবাসীরা তথ্যের বিভ্রান্তি ও প্রশাসনিক জটিলতা ছাড়াই সঠিক তথ্য ও সহায়তা পেতে পারে।

বিশেষজ্ঞরা মনে করছেন, ‘ভিন্স’-এর মাধ্যমে, অভিবাসীরা সরকারী প্রক্রিয়া ও তথ্য সহজে বুঝতে পারবেন, সামাজিক অন্তর্ভুক্তি ও মানসিক স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে, আবাসন, কাজ ও শিক্ষার ক্ষেত্রে স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত হবে এবং প্রবাসীরা দ্রুত স্বাবলম্বী হয়ে শ্রমবাজারে অংশ নিতে পারবেন। ফিনল্যান্ড ও সুইডেনের অভিবাসী নীতি প্রণয়নে এই ধরনের প্রযুক্তি ব্যবহার দেশগুলোর অভিবাসী বান্ধব পরিবেশকে আরও শক্তিশালী করবে।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে তৈরি ‘ভিন্স’ অ্যাপ প্রবাসীদের জন্য আবাসন, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও কর্মসংস্থানের তথ্য সরবরাহের পাশাপাশি কমিউনিটি সংযোগ ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করবে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version