বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে জার্মানির সঙ্গে আলোচনা করেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জার্মানির বার্লিনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে দেশটির পার্লামেন্ট বুন্ডেস্টাগের উন্নয়নবিষয়ক কমিটির সদস্য নিকোলাস জিপেলিয়াসের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে দুই দেশের মধ্যে ঘন ঘন ব্যবসায়িক যোগাযোগ, রপ্তানি বহুমুখীকরণ এবং ব্যবসায়িক সংগঠনগুলোর মধ্যে যোগাযোগ জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া জ্বালানি নিরাপত্তা, দক্ষ জনশক্তির অভিবাসন, মানবিক ও সামাজিক উন্নয়ন, শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন তারা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রযুক্তিনির্ভর অর্থনীতির বিকাশেও সহযোগিতার সম্ভাবনা নিয়ে কথা বলেন দুই দেশের প্রতিনিধিরা।
শামা ওবায়েদ ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই), সৃজনশীল অর্থনীতি, নারীর ক্ষমতায়ন, সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতি এবং তরুণদের মধ্যে বিনিময় কর্মসূচিতে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনার কথা তুলে ধরেন।
বৈঠকে রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে জার্মানির সহযোগিতা কামনা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
এ ছাড়া সংসদীয় কূটনীতি জোরদারে বাংলাদেশ-জার্মানি পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠনের বিষয়েও আলোচনা করেন দুই সংসদ সদস্য। এ সময় জার্মান সংসদ সদস্যদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান শামা ওবায়েদ। আগামী বছর একটি প্রতিনিধিদল নিয়ে বাংলাদেশ সফরের আশা প্রকাশ করেন নিকোলাস জিপেলিয়াস।
